৪৭ লাখ টাকা খরচ করে খেলা দেখতে যাবেন তাঁরা

হার্নিং হেলিকপ্টারস বিমানে করে নিয়ে যাবে সমর্থকদের।ছবি: ফেসবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোর কোয়ার্টার ফাইনালে কাল ডেনমার্কের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। ম্যাচটি হবে আজারবাইজানের বাকুতে। উত্তরের দেশটি থেকে ডেনিশ সমর্থকদের পূর্ব ইউরোপে খেলা দেখতে যাওয়া যেমন খরচ তেমনি ঝামেলার।

প্রায় ৪ হাজার কিলোমিটারের মতো দূরত্ব। স্বাভাবিকভাবেই টাকাপয়সা খরচ করে সেখান থেকে ঘুরে আসার মতো সামর্থ্যবান ডেনিশ ফুটবলপ্রেমীরাই কেবল খেলা দেখতে যাবেন।

এই সুযোগটাই নিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান হার্নিং হেলিকপ্টারস। দেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে তারা একটি ভিআইপি প্যাকেজ ছেড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

তিন দিন আগে নিজেদের ফেসবুক পেজে এই প্যাকেজের বিজ্ঞাপন দেয় হার্নিং হেলিকপ্টারস। এরই মধ্যে ছয়জনের কাছে ‘রাউন্ডট্রিপ’ (যাওয়া–আসা) বিক্রি করেছে তারা।

ব্যক্তিগত বিমানে এসব সমর্থকদের আনা-নেওয়া করা হবে। সেই বিমানে থাকবে পানশালা, ক্যাভিয়ার, তিন বেলা খাবার (বিমানেই) এবং ম্যাচের টিকিট। এ জন্য খরচ করতে হবে ৪৭ হাজার ইউরো (৪৭ লাখ ১০ হাজার টাকা প্রায়)।

হার্নিং হেলিকপ্টারসের মালিক স্টেফান এরলানডেসেন ডেনিশ মিডিয়াকে বলেন, ‘বিষয়টি আসলে পথ বের করে মানুষকে চমকে দেওয়ার। ডেনিশরা এখন প্রেরণাদায়ী মেজাজে আছে। এমনকি আমি—যে কিনা সব সময় কাজ করি, কখনো ফুটবল দেখি না, তবু খেলা নিয়ে উৎসাহী।’

যেদিন এই বিজ্ঞাপন দেওয়া হয় সেদিনই ট্রিপগুলো বিক্রি হয়ে যায়। শুক্রবার কোপেনহেগেন থেকে আজারবাইজানের উদ্দেশে রওনা হবে তারা। ডেনিশ ফুটবলের এই ছয় ভক্ত নিয়ে এরলানডেসেনের মন্তব্য, ‘তারা সবাই মধ্যবয়সী। দেখে বিরক্তিকর মনে হয় না। যাওয়ার পথে তারা যে ভীষণ চাঙা মেজাজে থাকবে সেটা বলা বাহুল্য।’

ইউরোয় এবার ’৯২-এর স্মৃতি ফিরিয়ে আনার পথে রয়েছে ডেনমার্ক। সেবার সবাইকে অবাক করে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার ‘বি’ গ্রুপ থেকে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে তারা উঠে আসে শেষ ষোলোয়।

ফিনল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তারা হার্ট অ্যাটাকের কারণে হারায় মূল তারকা ক্রিস্টিয়ান এরিকসেনকে। মাঠেই পড়ে যান তিনি। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও আর কখনো ফুটবল খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। ফিনল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে ১-০ গোলে হারে ডেনমার্ক।

কোয়ার্টার ফাইনাল সামনে রেখে ডেনমার্ক দলের অনুশীলন।
ছবি: এএফপি

বেলজিয়ামের বিপক্ষে পরের ম্যাচেও হারলে সমীকরণ ভীষণ কঠিন হয়ে যায় ডেনমার্কের জন্য। কিন্তু শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে আসে ডেনমার্ক। শেষ ষোলোয় ওয়েলসকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।