৪৮ কোটিতে মুক্তি বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মিটছে নেইমারের দলবদল-সংক্রান্ত করের ঝামেলা। স্প্যানিশ কর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করছে বার্সেলোনা। ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, ‘নেইমারের মামলার এই অনিশ্চয়তা চালিয়ে যাওয়ার চেয়ে সমঝোতায় যাওয়াই ভালো। ২০১১ ও ২০১৩ সালে করের অঙ্কে অনিয়ম হওয়ায় ৫৫ লাখ ইউরোর জরিমানা মেনে নিচ্ছি আমরা।’
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই নেইমারের দলবদলের অঙ্ক নিয়ে প্রশ্ন উঠেছে। কাগজে-কলমে এটি ৫৭.১ মিলিয়ন ইউরো। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের ধারণা, আসল অঙ্কটা ৮৩ মিলিয়নেরও বেশি। এ নিয়ে কর ফাঁকির মামলায় সরকারপক্ষের আইনজীবী বর্তমান সভাপতি বার্তোমেউর দুই বছর ও দলবদলের সময়ে সভাপতি সান্দ্রো রোসেলের সাত বছরের কারাদণ্ড চেয়েছিলেন। এসব থেকে মুক্তি পেতেই ৪৮ কোটি ৫৬ লাখ টাকা (৫৫ লাখ ইউরো) জরিমানা গুনছে বার্সা।
গতকাল বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘নেইমারের চুক্তিসংক্রান্ত জটিলতায় ক্লাবের আইনি পরিষদের সমঝোতার প্রস্তাবে বোর্ড রাজি হয়েছে। এ প্রস্তাবে বলা হয়েছে, তাঁর (নেইমার) চুক্তিতে করের বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি, ফলে ২০১১ ও ২০১৩ সালের করের পরিমাণ নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে। ক্লাব এ ব্যাপারে ভুল স্বীকার করে নিচ্ছে। তবে ২০১৪ সালের অভিযোগ থেকে ক্লাবকে মুক্তি দেওয়া হয়েছে।’
বার্সেলোনার পরিচালনা পর্ষদের বিশেষ সভাতে এই জরিমানার বিষয়টি পাস হয়েছে। তবে এই সমঝোতা শুধু এই মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, নেইমারের বিরুদ্ধে ব্রাজিলিয়ান কোম্পানি ডিআইএসের করা অন্য মামলার ওপর এর কোনো প্রভাব পড়বে না। রয়টার্স।