৪৮ দলের পক্ষে-বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম যেদিন ৪৮ দলের বিশ্বকাপের কথা বলেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো, এটির পক্ষে-বিপক্ষে আলোচনার শুরু সেদিন থেকেই। কারও চোখে এত দল আসায় বিশ্বকাপে খেলার মান কমবে, কেউ সিদ্ধান্তটিকে দেখছিলেন শুধুই ফিফা সভাপতির রাজনৈতিক চাল হিসেবে। অনেকে আবার গ্লাসের অর্ধেকটা ভরাও দেখছিলেন—ফুটবল-বিশ্বে পিছিয়ে পড়া দেশগুলোর জন্য যেটি বিশ্বকাপে খেলার দারুণ সুযোগ।

আলোচনা হয়েছে, হচ্ছে, হবেও। তবে এরই মধ্যে গত পরশু ফিফা কাউন্সিলে পাস হয়ে গেছে ইনফান্তিনোর প্রস্তাব। ২০২৬ বিশ্বকাপ থেকে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মিলনমেলায় খেলবে ৪৮টি দল।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি অখুশি সম্ভবত ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ)। এতে খেলোয়াড়ি ভাবনার কোনো ছাপই খুঁজে পাচ্ছে না সংগঠনটি, ‘৩২ দলের বিশ্বকাপের ফরম্যাটটা বদলানোর কোনো সুবিধা আমরা এখনো খুঁজে পাচ্ছি না। ওই ফরম্যাটটাই সব দিক থেকে নিখুঁত ছিল। তা ছাড়া সিদ্ধান্তটা কাজে আসবে আরও নয় বছর পর, তাই তাড়াহুড়ো করে এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তে আসাটাও প্রশ্নবিদ্ধ। যেটা বুঝতে পারছি, সিদ্ধান্তটা খেলোয়াড়ি বিবেচনায় নয়, বরং রাজনৈতিক।’

বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির ফুটবল ফেডারেশনের প্রধান রেইনহার্ড গ্রিনডেল পরশুর কাউন্সিলের আগেও কথা বলেছিলেন ৪৮ দলের বিশ্বকাপ প্রস্তাবের বিপক্ষে। সিদ্ধান্তটা হয়ে যাওয়ার পরও নিজের অবস্থান থেকে সরেননি গ্রিনডেল, ‘আমার দুশ্চিন্তা হচ্ছে, ফুটবল বদলে যাবে, খেলাটার আকর্ষণও কমে যেতে পারে। দুটি দল সবকিছু নিয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়ছে, সেটি দেখতেই তো আমরা পছন্দ করি। এখন আমার যেটা ভয়, সামনে হয়তো আরও বেশি রক্ষণাত্মক ম্যাচ দেখব। আর যদি বিশ্বকাপের আকর্ষণ কমে যায়, তাহলে সমর্থক ও স্পনসররা ভুগবে, ব্যবসায়িক দিকটাও মার খাবে।’

তবে জার্মানির জন্য বিশ্বকাপে খেলা যেখানে নিয়মিত ব্যাপার, বাংলাদেশের মতো বিশ্বের অন্য অনেক দেশের কাছে সেটি দূরতম স্বপ্ন। এটিকেই গুরুত্ব দিচ্ছেন উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংগঠন কনক্যাকাফের সভাপতি ভিক্টর মন্তালিয়ানি, ‘কিছু কিছু দেশ হয়তো একটু মনঃক্ষুণ্ণ, যেমন জার্মানি। কারণ ওদের কাছে ব্যাপারটা (বিশ্বকাপে খেলা) খুবই সহজ। তবে অন্য অনেক দেশের জন্য বিশ্বকাপে যাওয়াটা পুরো দেশের জন্যই সবচেয়ে বড় ঘটনা।’ মন্তালিয়ানির সঙ্গে সুর মিলছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজেরও, ‘এটা বিশ্ব ফুটবলের জন্যই একটা সাফল্য। আমরা এখানে এসেছি ফুটবলের উন্নয়নের জন্য, তাই সবারই খেলার সুযোগ অন্তত পাওয়া উচিত।’

উয়েফার ব্যাপারটা অনেকটা জোর করে রাজি হওয়ার মতো। অন্তত ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিবৃতি তা-ই বলে, ‘পরিষ্কার বোঝা যাচ্ছিল, অন্য সব কনফেডারেশন ৪৮ দলের বিশ্বকাপের ব্যাপারে অনেক উৎসাহী। এ কারণে উয়েফাও নতুন ফরম্যাটকে সমর্থন দিয়েছে। তবে উয়েফা এ ব্যাপারে সন্তুষ্ট যে, নতুন ফরম্যাটে কোন অঞ্চল থেকে কতগুলো দল বিশ্বকাপে যাবে, সেটি চূড়ান্ত করার আগে আরও সময় নিতে ফিফাকে রাজি করানো গেছে। এটিও খুশির যে, নতুন প্রস্তাবে বিশ্বকাপের দৈর্ঘ্য ও সূচি খেলোয়াড়দের ওপর চাপ আর বাড়াবে না। ক্লাবগুলোর স্বার্থও যাতে ঠিক থাকে, সেটি আমরা নিশ্চিত করব।’ রয়টার্স।