৫ পাউন্ডের নোটে কেইন!

>রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের মুখাবয়ব ৫ পাউন্ডের নোটে খোদাই করেছেন বার্মিংহামের এক নকশাকার
বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন হ্যারি কেইন। ৬ গোল করে জিতেছেন ‘গোল্ডেন বুট’। ইংল্যান্ড তাঁর এই অর্জন উদ্যাপন করবে না, তা হয় কীভাবে! এগিয়ে এসেছেন খোদাইশিল্পী। ৫ পাউন্ড মূল্যের নোটের ওপর তিনি কেইনের মুখ এত নিখুঁতভাবে খোদাই করেছেন যে তা একটি দোকানে লেনদেনের জন্য ব্যবহারও করেছেন!

বার্মিংহামের সেই খোদাইশিল্পীর নাম গ্রাহাম শর্ট। বিশ্বকাপে কেইনের ৬ গোলকে স্মরণীয় করে রাখতে তাঁর চেহারা খোদাই করে ৬টি নোট বানিয়েছেন এই নকশাকার। এর মধ্যে একটি নোট উপহার পেয়েছেন স্বয়ং ইংল্যান্ড স্ট্রাইকার কেইন। আরেকটি নোট ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) উপহার দিয়েছেন শর্ট। বাকি চারটি নোট এমন চারটি অঞ্চলে খরচ করেছেন যেসব অঞ্চল দিয়ে গঠিত হয়েছে ব্রিটেন—ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড।

কেইনের মুখাবয়ব খোদাই করা এই নোটের দাম আনুমানিক ৫০ হাজার পাউন্ড। বিশেষভাবে বানানো সুচের মাধ্যমে নোটের ওপর ইংলিশ তারকার মুখ খোদাই করেছেন শর্ট। ভীষণ খুঁতখুঁতে মানুষ ছাড়া খোদাই করা এই নোট যে আলাদা, তা বোঝার উপায় নেই। ওয়েলসে শর্ট যে দোকানে নোটটি খরচ করেছেন, দোকানদার তা ধরতে পারেননি। দোকানি তা দিয়েছেন আরেকজন ক্রেতাকে।