শেখ রাসেল ক্রীড়াচক্রের কলম্বো সফর নিয়ে একটা নাটক চলছে। নাটকের কেন্দ্রীয় চরিত্রে শেখ রাসেল ক্রীড়াচক্র তো আছেই, সঙ্গে যোগ হয়েছে মোহামেডান।
মোহামেডানের পাঁচ খেলোয়াড়কে নিয়ে শেখ রাসেল এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্তপর্বে খেলতে শ্রীলঙ্কা যাবে ১৮ সেপ্টেম্বর। সে অনুযায়ী তারা ওই পাঁচ খেলোয়াড় জাহিদ, এমিলি, মামুন খান, নাহিদ ও ইমন বাবুকে নিয়ে অনুশীলনও করছে কয়েক দিন ধরে। কিন্তু মোহামেডান গত পরশু দ্বিতীয় বারের মতো পাঁচ খেলোয়াড়কে চিঠি দিয়ে শেখ রাসেলের সঙ্গে যেতে নিষেধ করেছে। একই সঙ্গে তাঁদের কারণ দর্শাতে বলেছে।
কারণ দর্শাও নোটিশ দিয়েও অবশ্য কোনো ফল পাচ্ছে না মোহামেডান। তার মানে দলটির নির্দেশ আমলে নিচ্ছেন না খেলোয়াড়েরা। তাঁদের বক্তব্য, মোহামেডানের অনুমতি নিয়েই তাঁরা শেখ রাসেলের সঙ্গে আছেন (এই খেলোয়াড়েরা নাকি আগামী মৌসুমে শেখ রাসেলেই খেলবেন)। মোহামেডান এখন উল্টো কথা কেন বলছে, এটাই শেখ রাসেলের কাছে ধোঁয়াশাচ্ছন্ন মনে হচ্ছে।
তবে ঘটনা হলো, এই খেলোয়াড়দের নেওয়ার জন্য মোহামেডানের সবুজ সংকেত পাওয়ার পর লিখিত চিঠি দিয়েছিল শেখ রাসেল। সেই চিঠির উত্তর দেয়নি মোহামেডান। উত্তরের অপেক্ষা না করেই খেলোয়াড়েরা শেখ রাসেলের অনুশীলনে নেমেছেন। এমনকি ফেসবুকে শেখ রাসেলের জার্সি গায়ে ছবি দিয়েছেন। এটাই বেশি আত্মসম্মানে লেগেছে মোহামেডানের।
মাঠের বাইরের এসব ব্যাপারকে গুরুত্ব দিচ্ছেন না শেখ রাসেলের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম। কাল তিনি এক পা এগিয়ে বলেই দিলেন, ‘দেশের স্বার্থে আমরা এই খেলোয়াড়দের নিয়েই কলম্বো যাব। এটা কেউ আটকাতে পারবে না।’ এমন বক্তব্যের জবাবে মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার ভাষ্য, ‘ক্লাবের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তারা জোর করে আমাদের খেলোয়াড় নিলে নেবে, তবে আমরা আইন অনুযায়ী খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
এই টানাপোড়েনে মূল বিষয়টাই ঢাকা পড়েছে আড়ালে। কলম্বোর এই পর্বে উত্তর কোরিয়ার রিম ইয়াং সু ও কম্বোডিয়ার আরচিম ক্লাবের সঙ্গে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হলে ফাইনালে খেলার সুযোগ পাবে শেখ রাসেল। উত্তর কোরিয়ার দলটা বেশ শক্তিশালী। সে অর্থে ফাইনালে ওঠার দৌড়ে উত্তর কোরিয়া দলটিই এগিয়ে।
মোহামেডানের পাঁচ খেলোয়াড়কে নিয়ে গ্রুপ সেরা হওয়ার কঠিন চ্যালেঞ্জই নিয়েছে শেখ রাসেল। যতই পাঁচ খেলোয়াড়কে নিয়ে নাটক মঞ্চস্থ হোক, শেখ রাসেল তাদের লক্ষ্যে অবিচল।