৫ বছরে ১৮ ম্যাচ খেলে বিদায় ভবিষ্যৎ রোনালদোর
২০১৬ সালে বড় আশা নিয়ে রিয়াল মাদ্রিদ থেকে ফরোয়ার্ড হেসে রদ্রিগেজকে নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু ফরাসি ক্লাবটির সে আশায় একেবারেই গুড়ে বালি। প্রায় পাঁচ বছরে পিএসজির জার্সিতে সব মিলিয়ে তাঁর ম্যাচই খেলা হয়েছে ১৮টি। কয়েকবার ধারে পাঠিয়ে তাঁর ফর্ম ফেরানোর চেষ্টা করেছিল পিএসজি। কিন্তু ধারে গিয়েও কখনো আলো ছড়াতে পারেননি একসময় রিয়াল মাদ্রিদ একাডেমির সেরা রত্ন। কিন্তু মাঠে কখনোই পূর্ণ মনোযোগ দেওয়া হয়নি তাঁর।
পিএসজিতে যোগ দেওয়ার পর স্প্যানিশ এই ফরোয়ার্ডের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে শেষ পর্যন্ত চুক্তি শেষ হওয়ার আগেই সমঝোতার ভিত্তিতে হেসেকে ছেড়ে দিতেও বাধ্য হয়েছে ফরাসি ক্লাবটি। প্যারিসের সঙ্গে তাঁর চুক্তি ছিল ২০২১ সালে ৩০ জুন পর্যন্ত। কিন্তু আজ সমঝোতায় চুক্তি বাতিল করেছে দুই পক্ষ।
রিয়াল মাদ্রিদ একাডেমিতে বেড়ে ওঠা হেসেকে একসময় ভবিষ্যৎ রোনালদো বলে ভাবা হতো। বাঁ প্রান্তে দারুণ গতি আর ড্রিবলিং দিয়ে রক্ষণে ভয় ধরাতে জানতেন। গোলের পথও চেনা ছিল। রিয়াল মাদ্রিদ স্কোয়াডে রোনালদো, বেনজেমা, বেলদের কারণে জায়গা পাচ্ছেন না বলেই দল ছেড়েছিলেন। তাঁকে পেতে ২ কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছিল ক্লাবটি। এমনি এমনি তো আর তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে মাসে ৪ লাখ ২০ হাজার ইউরো দিতেও কার্পণ্য করেনি পিএসজি। কিন্তু মাঠে এর সামান্য প্রতিদান দিতে পেরেছেন রদ্রিগ্রেজ। এক মৌসুমেও নিজের সেরাটা দিতে পারেননি স্প্যানিশ এই ফরোয়ার্ড।
পিএসজিতে যোগ দিয়ে ২০১৬–১৭ মৌসুমে ১৩ ম্যাচ খেলে গোল করেছিলেন মাত্র একটি। এরপর সর্বসাকল্যে আর ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন ৫টি। এর মাঝে স্প্যানিশ ক্লাব লাস পালমাস ও রিয়াল বেতিস ছাড়াও ইংল্যান্ডের স্টোক সিটিতেও খেলতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কোথাও কৈশোরের প্রতিভার ঝলক দেখাতে পারেননি।
এই মৌসুমে পিএসজিতে ফিরে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র দুইটি। আরও স্পষ্ট করে বললে সব মিলিয়ে খেলেছেন মাত্র ২২ মিনিট। কোচ থমাস টুখেলের ভবিষ্যৎ পরিকল্পনাতেও নেই রদ্রিগ্রেজ।
২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও সমঝোতার ভিত্তিতে বিদায় জানানো হয়েছে হেসেকে। পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও সমঝোতার ভিত্তিতে প্যারিস সেন্ট জার্মেই ও হেসে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যানারি দ্বীপপুঞ্জের লাস পালমাসের ২৭ বছর বয়সী এই ফুটবলার ২০১৬ সালের গ্রীষ্মে প্যারিসে এসেছিলেন। সব মিলিয়ে ক্লাবের হয়ে ১৮ ম্যাচ খেলে গোল করেছেন দুইটি। ২০২০ মৌসুমের লিগ আ, ২০১৭ সালের কোপা ডে লা লিগ ও ২০১৭ ট্রফি দেস চ্যাম্পিয়নস শিরোপা জিতেছেন। তাঁর পেশাদার জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছে পিএসজি।’
ক্যারিয়ার পথটা যেভাবে এগোচ্ছে তাঁর, শুভেচ্ছার চেয়েও বেশি কিছু দরকার হবে হেসের।