৫ বছরের লরির জন্য কাঁদছে ইংলিশ-ফুটবল

বয়স মাত্র পাঁচ বছর। ছোট্ট দুটি পায়ে অল্প পথই পেরোতে পেরেছে শিশুটি। দুচোখ দিয়ে এখনো পর্যন্ত দেখা হয়নি এই সুন্দর পৃথিবীর অনেক কিছুই। কিন্তু পৃথিবীটার সঙ্গে ভালোভাবে পরিচিত হওয়ার আগেই আগেই থেমে যাবে তার পা। নিভে যাবে চোখের আলো। শিশুটির নাম ব্র্যাডলি লরি। সান্ডারল্যান্ডের খুদে এক সমর্থক সে। ইংল্যান্ডের ফুটবলে এখন অবশ্য সর্বজনীন হয়ে গেছে লরি। দল নেই, বর্ণ নেই; সবাই এখন তারই সমর্থক। শরীরে তার বাসা বেঁধেছে প্রাণঘাতী ক্যানসার। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, আর মাত্র এক মাস বেঁচে থাকবে লরি। লরির জন্য এখন কাঁদছে গোটা ইংলিশ ফুটবল।
মৃত্যু আলিঙ্গনের আগে সবাই তাই ছোট্ট লরিকে খুশি রাখার চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ। সান্ডারল্যান্ডের সমর্থক সে। সান্ডারল্যান্ডের বিভিন্ন ম্যাচে প্রিয় দলের জার্সি গায়ে মাঠে যাচ্ছে লরি। চলতি মৌসুমের শুরুর দিকে এভারটনের বিপক্ষে সান্ডারল্যান্ডের ম্যাচে গিয়েছিল সে। ম্যাচের পঞ্চম মিনিটে দুই দলের সমর্থকেরা তার নামে স্লোগান দিয়েছিল। লরি মাঠে গিয়েছিল গত মাসে চেলসি-সান্ডারল্যান্ড ম্যাচেও। বিরতির সময় মাঠে নেমেছিল সে। পেনাল্টি থেকে একটি গোলও করেছিল সে। চেলসির রিজার্ভ গোলকিপার আসমির বেগোভিচ ইচ্ছা করেই গোল খেয়ে লরিকে আনন্দ দিয়েছিলেন। আয়োজনটিই তো ছিল তাকে আনন্দ দেওয়ার জন্য। গোলটি যৌথভাবে বিবিসির মাস সেরা গোলের পুরস্কার জেতে। ব্র্যাডলির সঙ্গে পুরস্কারটি জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিক মেখিতারিয়ানও।
পরদিন সকালে ঘুম থেকে জেগেই খবরটি পেয়েছে লরির পরিবার। দারুণ খুশি তার মা জেমা, ‘আমরা আসলে এটা বিশ্বাসই করতে পারছি না। লরিকে এভাবে সমর্থন করা সবাইকে ধন্যবাদ।’ গত বছর লরির চিকিৎসার জন্য গড়া বিশেষ তহবিলে সাত লাখ পাউন্ড জমা পড়ে। এর মধ্যে দুই লাখ পাউন্ড দেয় এভারটন। তবে এই অর্থ আর সবার এত ভালোবাসাও বাঁচিয়ে রাখতে পারছে না লরিকে। এএফপি।
ভিডিও দেখতে ক্লিক করুন