৫ ম্যাচের নিষেধাজ্ঞা? বাড়াবাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রোনালদোকে মার্চিং অর্ডার রেফারির। ছবি: এএফপি
স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রোনালদোকে মার্চিং অর্ডার রেফারির। ছবি: এএফপি

স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে আগামীকাল মাঠে নামার আগে আজ সর্বশেষ অনুশীলন করেছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও ছিলেন দলীয় অনুশীলনে। কিন্তু বার্সেলোনার বিপক্ষে ফিরতি লেগে রোনালদো খেলতে পারবেন না। গত ম্যাচে লাল কার্ড দেখার পর রেফারিকে হালকা ধাক্কা দিয়েছিলেন। তাতেই মিলেছে ৫ ম্যাচের শাস্তি। আর এই শাস্তির কারণে বিরক্ত রিয়াল কোচ জিনেদিন জিদান। 

সান্তিয়াগো বার্নাব্যুতে আগামীকাল বাংলাদেশ সময় রাত দুইটায় স্বাগতিক হয়ে বার্সার মুখোমুখি হবে রিয়াল। বার্সার মাঠ থেকে প্রথম লেগ ৩-১ গোলে জিতে আসায় শিরোপা প্রায় জেতা হয়েই গেছে। তবে এই ম্যাচ তো শুধু নয়, রিয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে শাস্তির মেয়াদ না কমলে লা লিগার শুরুটাও রোনালদোকে ছাড়াই করতে হবে রিয়ালকে। আজ সংবাদ সম্মেলনে তাই নিজের ক্ষোভ উগরে দিলেন রিয়াল কোচ, ‘আমরা ভীষণ বিরক্ত। যা কিছু ঘটেছে তা দেখার পর যখন ভাবি, রোনালদো আমাদের সঙ্গে পাঁচ ম্যাচ খেলতে পারবে না, তখন খুব রাগ হয়।’
সুপার কাপের প্রথম লেগে রোনালদোর লাল কার্ডের বিপক্ষে আপিল করেছে রিয়াল। এ আপিলের পরিপ্রেক্ষিতে পর্তুগিজ স্ট্রাইকারটির নিষেধাজ্ঞা নেমে আসতে পারে চার ম্যাচে। জিদান বলেছেন, ‘কমিটি এ নিয়ে বসবে এবং আশা করছি, তাঁরা ব্যাপারটা ভালোভাবে পর্যালোচনা করবেন। ক্রিস্টিয়ানো নিজেও বিরক্ত। কারণ সে খেলতে চায়, যখন সে খেলতে পারে না, তখন কোনোভাবেই খুশি থাকে না।’
সতীর্থের নিষেধাজ্ঞাকে বাড়াবাড়ি মনে করছেন রিয়ালের ডিফেন্ডার দানি কারভাহালও, ‘ক্রিস্টিয়ানোর নিষেধাজ্ঞা বাড়াবাড়ি। তার জন্যও বিষয়টি হতাশার। আশা করছি, কমিটি নিষেধাজ্ঞা কয়েক ম্যাচ কমাবে।’
সুপার কাপের প্রথম লেগে ম্যাচের ৫৮ মিনিটে মাঠে নেমেছিলেন রোনালদো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে উঠে যান ৮২ মিনিটে। তার আগে মাঝের ২৪ মিনিটে গোল ও লাল কার্ডে রোনালদোই ম্যাচের সবচেয়ে আলোচিত চরিত্র। ৮০ মিনিটে দারুণ এক গোল করে জার্সি খোলার কারণে দেখেছেন প্রথম হলুদ কার্ড। এর দুই মিনিট পর বার্সা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান স্বাগতিকদের বক্সে। পেনাল্টির আবেদন করেছিলেন রোনালদো। কিন্তু উল্টো ডাইভ দেওয়ার অপরাধে রোনালদোকেই দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। এরপর ক্ষোভে রেফারিকে হালকা ধাক্কা দেন রোনালদো। স্পেনের ফুটবলের নিয়মে রেফারিকে হালকা ধাক্কা দেওয়াও বড় অপরাধ। সূত্র: এএফপি।