৫-০ গোলে হারের দায় নিজেদের কাঁধে নিলেন রোনালদো

ম্যাচ শেষে স্বভাবতই হতাশ রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পেছনে ক্রিস্টিয়ানো রোনালদোর হাজারটা কারণ থাকতে পারে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে নিজেদের মাঠে ৫-০ গোলে ভরাডুবি কোনোভাবেই সেই হাজার কারণের একটা হবে না। দুই দিন আগেই ইউনাইটেডকে সম্ভাব্য সব শিরোপা জেতানোর অঙ্গীকার করার পরই এমন হার, রোনালদোর ভালো লাগবে কী করে!


কিন্তু স্বভাবনেতা রোনালদো এ হারের পেছনে লুকিয়ে থাকতে চান না। চান এ হার থেকে শিক্ষা নিয়ে ইউনাইটেডকে নতুন দিনের পথ দেখাতে। ম্যাচের পর তাঁর ফেসবুকের পোস্টেই দেখা গেছে যার প্রতিফলন।

হারের দায় পুরোপুরি নিজেদের ওপরে নিয়েছেন এই পর্তুগিজ তারকা, ‘কখনো কখনো আমরা যার জন্য লড়াই করি, ম্যাচের ফলাফলে সেটার প্রতিফলন ঘটে না। আর এই বাজে ফলাফলের দায় আমাদের, শুধুই আমাদের, আর কারও নয়। আমাদের সমর্থকেরা যথারীতি আমাদের অসাধারণভাবে সমর্থন করে গেছেন। এর থেকেও ভালো ফলাফল প্রাপ্য তাঁদের। আর আমাদের দায়িত্ব ওই ভালো ফল নিয়ে আসা। আর সে কাজ করার সময় এখনই!’


অবশ্য রোনালদো দায় না নিয়ে যাবেনই-বা কোথায়! ১২৬ বছরে এমন দুর্দিন যে দেখেনি ইউনাইটেড! সেই ১৮৯৫ সালের অক্টোবরে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৭-১ গোলে হেরেছিল ইউনাইটেড।

ব্যবধানের হিসাবে সে ম্যাচের পর গত রাতের ম্যাচেই লিভারপুলের কাছে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে ইউনাইটেড। সে ম্যাচও হয়েছিল লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে, ওল্ড ট্রাফোর্ডে নয়। তখন দলটার নাম ম্যানচেস্টার ইউনাইটেডও ছিল না, ছিল নিউটন হিথ এফসি!

অর্থাৎ হিসাব করলে লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের সবচেয়ে বড় পরাজয় এটাই। দলে রোনালদো থেকেই এ অবস্থা, না থাকলে না জানি কী হতো!

ম্যাচে রোনালদোর প্রভাব দেখা যায়নি

ইউনাইটেডের কিংবদন্তি গ্যারি নেভিলের মতে, ক্লাবের এত বাজে সময় কখনো আসেনি। পরবর্তী ২৪ ঘণ্টায় এই ক্লাবে এমন কিছু হতে পারে, যা আগে কখনো হয়নি, ‘ইউনাইটেডের মধ্যে এখন কোনো আশা থাকার কথা নয়। এই ফুটবল ক্লাবে পরবর্তী ২৪ ঘণ্টায় পরিস্থিতি এমন উত্তপ্ত থাকবে, যা আগে কখনো হয়নি।’


এর অর্থ কি ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশার চাকরি হারাবেন? নেভিল অবশ্য সরাসরি বলেননি সেটা, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে পরিবর্তন দরকার। আমি বিশ্বাস করি, সে পরিবর্তন করার সুযোগ উলে পাবে। কিন্তু সবদিক থেকে ওর ওপর চাপ আসবে। এতে সন্দেহ নেই কোচকে একটা ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় পার করতে হবে।’