৫০ কোটির দাবি ছেড়ে দিয়েই মেসিদের বিদায় পচেত্তিনোর
মরিসিও পচেত্তিনোকে পিএসজি বরখাস্ত করেছে, সে পুরোনো খবর। সে জায়গায় নতুন কোচ হিসেবে মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের সামলানোর দায়িত্ব নেবেন ক্রিস্তোফ গালতিয়ের, সে-ও সবার জানা। কিন্তু পচেত্তিনোকে বিদায়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি পিএসজি। কেন? আর্জেন্টাইন কোচের সঙ্গে যে আর্থিক বিষয়াদি নিয়ে সমঝোতা এত দিনেও হয়নি প্যারিসের ক্লাবটির।
সে অন্ধকার আপাতত কেটে গেছে বলেই খবর। সমঝোতায় ছাড় দিয়েছেন পচেত্তিনোই। খেলোয়াড়ি জীবনে এক সময়ে পিএসজিতে খেলা আর্জেন্টাইন কোচ পিএসজি থেকে বিদায়বেলায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা ছাড় দিয়েই প্যারিস ছাড়ছেন।
দেড় মৌসুমে পিএসজিতে বড় শিরোপা বলতে শুধু একবার লিগই জিতেছেন। তবে এত এত তারকা পেলেও পিএসজিকে কখনোই দল হিসেবে সুন্দরভাবে সেভাবে খেলাতে পারেননি পচেত্তিনো। তার ওপর চ্যাম্পিয়নস লিগে এবার শেষ ষোলোতে বাদ পড়ার ব্যর্থতাই পিএসজিতে পচেত্তিনোর শেষ লিখে দেয়।
নেইমার, এমবাপ্পে তো ছিলেনই, তাঁদের সঙ্গে মেসি, রামোস, হাকিমি, দোন্নারুম্মাদের দলে টেনে সদ্যসমাপ্ত মৌসুমে সর্বজয়ের স্বপ্নই দেখেছিল পিএসজি। কিন্তু জয় করল কি? শুধু লিগটাই! লিগে মাঝেমধ্যে পথ হারালেও শিরোপা জিততে কষ্ট হয়নি—তা ২০১১ সালে কাতারি মালিকানায় যাওয়ার পর থেকে লিগ জিততে পিএসজির তো তেমন কষ্ট করতে হয়ও না! ১১ বছরে এ নিয়ে ৮ বার লিগ জিতল পিএসজি। কিন্তু যেখানে সাফল্য সবচেয়ে বেশি করে চাইছিল পিএসজি, সেখানে অবিশ্বাস্য ব্যর্থতাই জুটেছে।
কখনো চ্যাম্পিয়নস লিগ না জেতা প্যারিসের ক্লাবটি অন্তত একবার শিরোপা জিতে ইউরোপের কূলীনদের কাতারে উঠতে চেয়েছে সব সময়, এবারই সেটির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে হয়েছে। কিন্তু শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগের শেষ ৩০ মিনিটে করিম বেনজেমার অবিশ্বাস্য হ্যাটট্রিকে বাদ পড়েছে পিএসজি। এর সঙ্গে যোগ করে নিন, ফরাসি কাপেও শেষ ষোলোতে নিসের কাছে হেরে বাদ পড়েছেন মেসিরা।
সব মিলিয়ে পচেত্তিনোর বিদায় নিশ্চিতই ছিল। প্যারিসের ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তিতে আরও এক বছর বাকি ছিল। সে কারণে এভাবে ক্লাব ছাড়তে হওয়ার ক্ষতিপূরণ হিসেবে অন্তত দেড় কোটি ইউরো চেয়েছিলেন পচেত্তিনো। তবে ফরাসি ক্রীড়াদৈনিক লে’কিপ জানাচ্ছে, দাবি থেকে সরে এসে এখন বাকি থাকা বছরের জন্য ১০ মিলিয়ন বা ১ কোটি ইউরোতেই দফারফায় রাজি হয়েছেন পচেত্তিনো। ছেড়ে দিলেন ৫০ লাখ ইউরোর দাবি, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৫০ কোটি টাকা।
পচেত্তিনোর সঙ্গে এই সমঝোতা হচ্ছিল না বলেই নতুন কোচ হিসেবে গালতিয়েরের নিয়োগ চূড়ান্ত করতে পারছিল না পিএসজি। এখন আর সে বাধা নেই। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানান, এই রোববারের পর শুরু নতুন সপ্তাহেই কোচ হিসেবে গালতিয়েরের নাম ঘোষণা করবে পিএসজি।
গালতিয়েরই যে পিএসজির নতুন কোচ হচ্ছেন, সে নিয়ে যদি কোনো সংশয় থেকে থাকে, সে ক্ষেত্রে বাড়তি নিশ্চয়তা হতে পারে এই তথ্য যে গালতিয়ের যে ক্লাবের কোচ ছিলেন, সেই নিস এরই মধ্যে নতুন কোচ নিয়োগ দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ লুসিয়াঁ ফাভরেকে।