৫০ বছর নিষেধাজ্ঞা!
খেলায় গোলমাল বা শৃঙ্খলাভঙ্গের জন্য কেউ নিষিদ্ধ হতেই পারেন। সেটা কয়েক ম্যাচ বা খুব গুরুতর হলে বড়জোর কয়েক বছরের জন্য। রিকার্ডো ফেরেইরার ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা কত বছরের জানেন? ৫০! কিন্তু কী এমন করেছেন যার জন্য বলতে গেলে একরকম যাবজ্জীবন নিষিদ্ধই হয়েছেন সুইস এই ফুটবলার।
ঘটনাটা সুইজারল্যান্ডের চতুর্থ বিভাগের একটা ম্যাচের। বার্ন লিগে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ফুটবল ক্লাব ও এসসি ওর্ব। পর্তুগাল ম্যাচটা হেরে যায় ১-০ গোলে। ব্যাপারটা মেনে নিতে পারেননি দলটির ডিফেন্ডার ফেরেইরা। ম্যাচ শেষে চড়াও হন রেফারির ওপর, লাথি মেরে বসেন মুখে। এখানেই শেষ হলে কথা ছিল, টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় পানিও ঢেলে দেন রেফারির গায়ে।
ফেরেইরা অবশ্য ‘পুরোনো পাপী’, এর আগে এক প্রতিপক্ষ খেলোয়াড়কে লাঞ্ছিত করে ৪৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। এই শাস্তি পেয়ে অবশ্য এই ফুটবলার রীতিমতো হতভম্ব, ‘আমি এক বা বড়জোর দুই বছর আশা করেছিলাম। কিন্তু ৫০ বছর? ফুটবল তো আমার জীবন।’
মজার ব্যাপার, নিষেধাজ্ঞাটা আসলে অনির্দিষ্টকালের। হিসাবের সুবিধার জন্যই কম্পিউটারে একটা তারিখ দিতে হতো। সেটা তাই ৫০ বছর পর্যন্ত দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০৬৪ সালের ৫ জুন ফেরেইরা ফিরতে পারবেন মাঠে। সে সময় তাঁর বয়স কত, ৭৮! গার্ডিয়ান।