৫০ বছরেও থামেনি যে বিতর্ক

কম তো হলো না। এক এক করে পঞ্চাশটি বছর পেরিয়ে গেল। এর মধ্যে তিনটি বিশ্বকাপও জিতেছে তারা। কিন্তু ওই একটা বিতর্ক এখনো সম্ভবত জার্মানদের সবচেয়ে বেশি নাড়া দিয়ে যায়—‘ওয়েম্বলিতে সেদিন বলটা গোল লাইন পেরিয়েছিল?’
কোন গোলটা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। ১৯৬৬ বিশ্বকাপ। ফাইনাল। ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি জার্মানি। নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০০ মিনিট পেরোতেই এল বিতর্কিত সেই ক্ষণ। ইংল্যান্ড স্ট্রাইকার জিওফ হার্স্টের শট জার্মান গোলকিপার হ্যানস টিলকোভস্কিকে ফাঁকি দিয়ে বারে লাগল ঠিকই, কিন্তু গোত্তা খাওয়া ঘুড়ির মতো এসে পড়ল...কোথায় পড়ল সেটি নিয়েই বিতর্ক। ইংল্যান্ডের দাবি, গোললাইনের ভেতরে পড়েছে। জার্মানির দাবি পড়েনি।
সেই ম্যাচের আজ পঞ্চাশ বছর পূর্তি। প-ঞ্চা-শ বছর! কিন্তু এখনো দুই দল তাঁদের দাবি থেকে একচুলও নড়েনি।
সেদিন লাইন্সম্যান তোফিক বাহরামভের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ম্যাচের রেফারি গটফ্রায়েড ডায়েন্সট বাঁশি বাজিয়ে দিয়েছিলেন, ইশারা সেন্টার সার্কেলের দিকে। গোল! ইংল্যান্ড ৩-২ জার্মানি! ওই এক বাঁশিতেই জন্ম হলো বিশ্ব ফুটবলের সবচেয়ে বিতর্কিত গোলটির।
ম্যাচের ১২০ মিনিটেও আরেকটি গোল করেছিলেন জিওফ হার্স্ট, তাঁর হ্যাটট্রিক পূর্ণ হয় সেই গোলে (এখনো পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে একমাত্র হ্যাটট্রিক সেটি)। ৪-২ গোলে ম্যাচ জিতে বিশ্বকাপটাও জিতে নেয় ইংল্যান্ড। কিন্তু রেফারি ওই গোলটি না দিলে কী হতো?

এই প্রশ্নটিই সম্ভবত এখনো তাড়িয়ে বেড়ায় জার্মানিকে। মোট চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা ওই ফাইনালের পর জিতেছে আরও তিনটি বিশ্বকাপ (১৯৭৪, ১৯৯০ ও ২০১৪)। ফাইনালে উঠে হারের বেদনাও সইতে হয়েছে তিনবার (১৯৮২, ১৯৮৬ ও ২০০২)। কিন্তু সবচেয়ে বেশি পোড়ায় সেই ফাইনালটি, ওই গোলটি!
১৯৯৮ সালে মারা যাওয়ার আগ পর্যন্তও ম্যাচের রেফারি ডায়েনস্ট নিশ্চিত ছিলেন না, সেটি গোল হয়েছে কি না। এমনকি জিওফ হার্স্টও তাঁর আত্মজীবনী ১৯৬৬ অ্যান্ড অল দ্যাট—এ বলেছিলেন, হয়তো জার্মানরাই ঠিক ছিল। ১৯৯৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, গোল হওয়া থেকে ৬ সেন্টিমিটার দূরে ছিল বলটা। অবশ্য ২০১১ সালে বিতর্কটা মুছে ফেলার মতো দাবি করেছে ব্রিটিশ ক্রীড়া সম্প্রচারক কোম্পানি স্কাই স্পোর্টস। ওই ম্যাচের ভিডিও ফুটেজের ওপর আধুনিক গোললাইন প্রযুক্তি ব্যবহার করে তারা জানিয়েছিল, হার্স্টের শটটা আসলেই গোললাইন পেরিয়েছিল। সহকারী রেফারি কীভাবে গোলটি দেখেছিলেন, গোলপোস্টে ক্যামেরার বিভিন্ন কোণ থেকে পরীক্ষা করেই এই সিদ্ধান্তে আসে কোম্পানিটি।
কিন্তু জার্মানি সেটি মানতে রাজি হলে তো! সেই ম্যাচে জার্মানির স্ট্রাইকার উলি সিলারই যেমন, এখনও ‘নিশ্চিত’, ওটা কোনোভাবেই গোল নয়। ৭৯ বছর বয়সী সাবেক জার্মান স্ট্রাইকার বলেছেন, ‘আমি পেনাল্টি বক্সের পেছনে দাঁড়িয়ে ছিলাম। পরিষ্কার দেখেছি, বল লাইন পেরোয়নি।’ শুধু সিলার নন, পুরো জার্মানিই তাই রেফারির সিদ্ধান্তে পুরো হতবাক হয়ে গিয়েছিল সেদিন। সিলারের মুখেই শুনুন, ‘আমরা উত্তেজিত হয়ে পড়েছিলাম। কেউই বুঝতে পারছিলাম না, হচ্ছেটা কী! পশ্চিম জার্মানি দলের কেউই বুঝতে পারেনি কেন গোলটা দেওয়া হলো।’

খেলোয়াড় হিসেবে সিলার হতভাগাদের একজন। পেলের মতো ১৯৫৮ থেকে ১৯৭০—চারটি বিশ্বকাপে খেলেছেন তিনিও। কিন্তু দেখুন, শুরু করেছিলেন জার্মানি প্রথম বিশ্বকাপ জয়ের (১৯৫৪) চার বছর পর, শেষ করেছেন দেশটির দ্বিতীয় বিশ্বকাপ জয়ের (১৯৭৪) চার বছর আগে। সেই বিতর্কিত গোলটা না হলে হয়তো হতাশায় পুড়তে হতো না। তবে সেটি ভুলে যাওয়ারই পক্ষে সিলার, ‘আমার মনে সব খেলোয়াড়ই এখন এটা হজম করে নিয়েছে। হ্যাঁ, এটা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা মুহূর্ত ছিল। তবে খেলাটা মাঝে মাঝে এমনই। আপনাকে সেটি মেনে নিতে হবে এবং এক পাশে সরিয়ে রাখতে হবে।’ এমনকি সেই ম্যাচে ইংল্যান্ড একাদশের কারও সঙ্গে দেখা হলে এ নিয়ে হাসি তামাশাও নাকি করতেন সিলার, ‘যখন জিওফ (হার্স্ট), ববি (মুর) বা জ্যাকি (চার্লটন) এখানে এসেছিল, এ নিয়ে অনেক হেসেছি ওদের সঙ্গে।’
জার্মানি ভুলতে চাইতে পারে, ইংল্যান্ড তা করবে কেন! তাদের জন্য তো ওই বিশ্বকাপই ‘সবেধন নীলমনি’। যতই বিতর্ক থাক, এটিই তাদের ফুটবলে একমাত্র অর্জন। সেটির পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে ওয়েম্বলি অ্যারেনায় আজ জমা হবেন ১০ হাজার ইংলিশ। দুই ‘নায়কের’ কথা শুনতে, স্মৃতির ঝাঁপি খুলে দেবেন স্যার ববি চার্লটন ও স্যার জিওফ হার্স্ট।
আর না থেকেও থাকবেন আরেকজন—স্যার ববি মুর। ২৩ বছর আগেই না ফেরার দেশে চলে যাওয়া’ ৬৬ বিশ্বকাপের অধিনায়কের স্মৃতিকথা পড়বেন ব্রিটিশ অভিনেতা মার্টিন ফ্রিম্যান। সূত্র: বিবিসি, আই ২৪ নিউজ।