৫০ বছরেও মাঠ দাপাচ্ছেন এই ফুটবলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ বছর বয়সেও নতুন চুক্তি করেছেন কাজুইউয়োশি মিউরা। ছবি: টুইটার
৫০ বছর বয়সেও নতুন চুক্তি করেছেন কাজুইউয়োশি মিউরা। ছবি: টুইটার

পৃথিবীটাই বুড়িয়ে যাচ্ছে, কিন্তু তাঁকে দেখলে মনে হবে বয়স স্রেফ একটা সংখ্যা! মনের জোরই আসল। সঙ্গে শরীরটাকে নিয়মিত ঝালাইয়ের ওপর রাখলে ৫০ বছর বয়সেও সম্ভব পেশাদার ফুটবল খেলা! শুধু তা-ই নয়, নতুন চুক্তি করে প্রায় এক মাস আগেই সেরে রাখতে পারেন ৫১তম জন্মদিনে পা রাখার উৎসব।

কাজুইউয়োশি মিউরা ঠিক এ পথেই হাঁটছেন। বৃহস্পতিবার জাপানের দ্বিতীয় বিভাগের দল ইয়োকোহামা এফসির সঙ্গে নতুন চুক্তি করেন ৫০ বছর বয়সী এ স্ট্রাইকার। আগামী ২৬ ফেব্রুয়ারি ৫১তম জন্মদিনের কেক কাটার আগে মিউরা এ নতুন চুক্তি দিয়ে যেন বুঝিয়ে দিলেন, বয়সটা সংখ্যা ছাড়া সত্যিই আর কিছু নয়!
জাপানে জন্ম নেওয়া মিউরা ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৮৬ সালে সান্তোসের হয়ে। পেশাদার ফুটবলে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন গত বছরের মার্চেই। ৫০ বছর ৭ দিন বয়সে এই ইয়োকোহামার হয়েই মাঠে নেমে স্যার স্ট্যানলি ম্যাথুজের রেকর্ড ভেঙে দেন মিউরা। ব্রিটিশ এ কিংবদন্তি ১৯৬৫ সালে মাঠে নেমেছিলেন ৫০ বছর ৫ দিন বয়সে।
ম্যাথুজের সেই রেকর্ড ভাঙার সাত দিন পর আরও একটি রেকর্ড গড়েন মিউরা। সেটা পেশাদার ফুটবলে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড—এবারও তাঁর কাছে হেরেছেন স্ট্যানলি ম্যাথুজ। ২০০৫ থেকে ইয়োকোহামায় খেলা মিউরা ৩৩তম মৌসুমে পা রাখার আগে নিজের সুদীর্ঘ ক্যারিয়ার নিয়ে জানালেন, ‘আমি সব সময় হৃদয় দিয়ে খেলি এবং আরও উন্নতি করার চেষ্টা থাকে।’
জে-লিগে গত মৌসুমে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় গোলের রেকর্ড গড়া (নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন) এ খেলোয়াড় তাঁর দেশে ‘কিং কাজু’ নামেই বেশি পরিচিত। জাপানের জার্সিতে তিনি দ্বিতীয় সর্বোচ্চ (৮৯ ম্যাচে ৫৫ গোল) গোলদাতাও। ৩১ বছরের ক্যারিয়ারে ক্লাব পাল্টেছেন মোট ১৪টি। ডায়নামো জাগরেব, জেনোয়ার মতো ইউরোপিয়ান ক্লাবেও খেলেছেন তিনি।