
খেলা শেষ হতেই মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফ হাসতে হাসতে বলছিলেন, ‘টি-টোয়েন্টি’ ম্যাচ খেললাম। ৯০ মিনিটের বদলে কাল যে মুক্তিযোদ্ধাকে খেলতে হলো মাত্র ৫০ মিনিট! আগের দিনের ভারী বৃষ্টিতে খেলা স্থগিত করা হয়েছিল। কিন্তু বৃষ্টির আগে ৪০ মিনিট খেলা হওয়ায় নিয়ম অনুসারে কাল মাঠে গড়িয়েছে বাকিটুকু।
পরশু গোলশূন্য অবস্থায় খেলা বন্ধ হয়েছিল। কিন্তু কাল ৫০ মিনিটে ৩ পয়েন্ট আসবে কি না তা নিয়ে বেশ চাপে ছিল মুক্তিযোদ্ধা। শেষ পর্যন্ত ফরাশগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে হাসিমুখেই প্রথম পর্ব শেষ করেছে মুক্তিযোদ্ধা। জোড়া গোল করেছেন প্রায় পাঁচ বছর পর জাতীয় দলের ক্যাম্পে ফেরা স্ট্রাইকার এনামুল হক। লিগে এ পর্যন্ত ৯ গোল হলো তাঁর। লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি, ১১ গোল করে ব্রাদার্সের অগাস্টিন ওয়ালসন আছেন শীর্ষে।
মাত্র ৫০ মিনিটে জিততে হবে, এই মানসিকতায় শুরু থেকেই অলআউট খেলেছে মুক্তিযোদ্ধা। প্রথম গোলটি পেতে দেরি হয়নি, এসেছে ৫৭ মিনিটেই। মাঝমাঠ থেকে বল পেয়ে দ্রুত বক্সে ঢুকে এনামুল আগুয়ান ফরাশগঞ্জ গোলরক্ষক সুজনের মাথার ওপর দিয়ে পাঠিয়েছেন জালে। ৬৫ মিনিটে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন জাহেদ চৌধুরী। আর ম্যাচের শেষ মিনিটে এনামুলেরই পেনাল্টি গোলে ফরাশগঞ্জের ম্যাচে ফেরার যাবতীয় সম্ভাবনারই হয় মৃত্যু।
জয় দিয়ে প্রথম পর্ব শেষ করতে পেরে খুশি আবু ইউসুফ, ‘আজ একটু চাপে ছিলাম। শিরোপার লড়াইয়ে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না। আজ বরাদ্দ ৫০ মিনিটে জিতেছি বলে খুবই ভালো লাগছে।’ এই জয়ে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল মুক্তিযোদ্ধা। লিগে আরও ভালো অবস্থানেই থাকতে পারত দলটি, কিন্তু দলের ভেতরে নানা বিশৃঙ্খলায় শুরুর দিকের ছন্দটা তারা ধরে রাখতে পারেনি। সর্বশেষ পাঁচ ম্যাচে ৩ হার ও ১ ড্র। জয় শুধু আবাহনীর সঙ্গে। দ্বিতীয় পর্বে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে চান কোচ, ‘দলে কিছু সমস্যা ছিল। এগুলো আমরা কাটিয়ে উঠেছি। আশা করি দ্বিতীয় পর্বে ভালো খেলবে ছেলেরা।’
জয়হীন প্রথম পর্ব শেষে ফরাশগঞ্জ পয়েন্ট তালিকার তলানিতে, ১০ ম্যাচে ৪ পয়েন্ট।