৫০ লাখে বার্সার সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে দলে আনার চুক্তি নিয়ে ঝামেলাটা অবশেষে মিটিয়ে ফেলতে যাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ কর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে কাতালান ক্লাবটির। শর্ত অনুযায়ী, নেইমারের চুক্তিতে অনিয়মের জন্য ৫০ লাখ ইউরো জরিমানা দিতে হবে বার্সাকে।
সরকারপক্ষের আইনজীবী অবশ্য বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর দুই বছর ও সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের সাত বছরের কারাদণ্ড চেয়েছিলেন। জরিমানা দেওয়ায় সেই সাজা থেকে বার্তোমেউ-রোসেল দুজনই পেলেন মুক্তি। গতকালই বার্সেলোনার পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এই জরিমানার বিষয়টি পাস হয়ে যাওয়ার কথা ছিল। তবে এই সমঝোতা শুধু এই মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, নেইমারের বিরুদ্ধে ব্রাজিলিয়ান কোম্পানি ডিআইএসের করা অন্য মামলার ওপর এর কোনো প্রভাব নেই। মার্কা।