৫০০ ম্যাচ, জাদুকরী ৩৯৭৬০ মিনিট
দুর্দান্ত একটি বছর পার করল বার্সেলোনা। দুর্দান্ত সময় কেটেছে লিওনেল মেসিরও। বার্সার এ বছরের শেষ ম্যাচটি আবার মেসির জন্য ছিল টায়ে টায়ে ঠিক ৫০০তম ম্যাচ! বার্সার জার্সি গায়ে মেসির ‘৫০০’ উপলক্ষে জেনে নিন কিছু অসাধারণ তথ্য—

* মোট ৫০০ ম্যাচ। এর মধ্যে মেসি মাঠে ছিলেন ৩৯ হাজার ৭৬০ মিনিট।
* বার্সার হয়ে ৫০০ ম্যাচে মেসির মোট গোল ৪২৫। সে হিসেবে প্রতি ম্যাচে তাঁর গোল গড়ে ০.৮৫ টি।
* ২০১১-১২ মৌসুমটিকে এই জাদুকর বার্সায় তাঁর সেরা সময় বলে ধরে নিতেই পারেন। সে বছর লা লিগায় গোল স্কোরারের তালিকায় রাজত্ব করেছিলেন ৫০ গোল ঝুলিতে ভরে। ১৪টি গোলের মালিকানা নিয়ে ভাগ বসিয়েছিলেন মিলান স্ট্রাইকার হোসে আলতাফিনির এক মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক গোলের রেকর্ডেও। আলতাফিনির রেকর্ডটিও ছিল সেই ১৯৬২-৬৩ মৌসুমের। সেবার মোট ৭৩ গোল করে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে এক মৌসুমের সবচেয়ে বেশি গোলের মালিকও বনে যান। ২০১২ সালে মেসি মোট গোল করেছিলেন ৯১টি—কোনো একটি নির্দিষ্ট সালে সর্বোচ্চ গোলের রেকর্ড।
* সব মিলিয়ে বার্সার হয়ে ২৬৭ ম্যাচে গোল পেয়েছেন। মেসি গোল করেছেন, কিন্তু দল হেরেছে-এমন ম্যাচের সংখ্যা মাত্র নয়টি।
* বার্সার হয়ে ৪২৫টি গোলের ২৩৭টিই এসেছে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে। ১৭৪টি গোল প্রতিপক্ষের মাঠে। বাকি দশটি গোল মেসি করেছেন নিরপেক্ষ ভেন্যুতে।
* কঠিন প্রতিপক্ষের সঙ্গেই লড়াইটা হয় সবচেয়ে জমজমাট। প্রতিপক্ষের মাঠে গোল করার হিসাবে মেসি সবচেয়ে বেশি জ্বলে উঠেছেন বার্নাব্যুতেই। রিয়ালের মাঠে গোল পেয়েছেন ১২টি। এরপর মাদ্রিদের আরেক ক্লাব অ্যাটলেটিকোর মাঠে মাঠে মেসির গোল ১১টি।
* বার্সার এই যাত্রায় মেসি সান্নিধ্য পেয়েছেন ৫ জন ভিন্ন কোচের। সবচেয়ে বেশি ২১৯ বার মাঠে নেমেছেন পেপ গার্দিওলার অধীনে। আর সবচেয়ে কম খেলেছেন জেরার্ডো মার্টিনোর সঙ্গে। মাত্র ৪৬ ম্যাচ।
* নিজে মাঠে থেকে ক্লাবের জয় দেখেছেন ৩৫০ ম্যাচে। শতাংশের হিসেবে লুইস এনরিকের সময়টাতেই জয় সবচেয়ে বেশি (৭৭ শতাংশ)। সবচেয়ে বাজে ফল মার্টিনোর অধীনে (৬৩ শতাংশ)।
* মেসি তো আক্ষরিক অর্থেই সব দিক থেকে একজন পরিপূর্ণ ফরোয়ার্ড। নিজে গোল করেন, আবার গোল করাতেও পটু। বার্সার হয়ে মোট ১৫৯ অ্যাসিস্ট তাঁর। লা লিগায় গত ২৫ বছরে সবচেয়ে বেশি অ্যাসিস্ট (১১৫)। ফেব্রুয়ারিতেই পেরিয়ে গেছেন লুইস ফিগোর ১০৫ অ্যাসিস্টের রেকর্ড।
* মাঠে মেসির উপস্থিতি মানেই বার্সার সামনে অনন্য কিছু প্রাপ্তির হাতছানি। এক-দুটি নয়, গুণে গুণে ছাব্বিশটি ট্রফি জয়ের পেছনে অবদান আছে মেসির। সাতবার জিতিয়েছেন লা লিগা, চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এ ছাড়াও আছে ছয়বার স্প্যানিশ সুপার কাপ জেতানোর রেকর্ড, তিনবার করে জিতিয়েছেন কোপা দেল রে এবং উয়েফা সুপার কাপ। ফিফা ক্লাব বিশ্বকাপও জিতিয়েছেন তিনবার।
বয়স ত্রিশ ছুঁই ছুঁই। বগলদাবা করে ফেলেছেন প্রায় সব রকমের রেকর্ড। ইতিমধ্যেই ঠাঁই করে নিয়েছেন ইতিহাসের পাতায়। তাই বলে জয়ের ক্ষুধা ফুরিয়ে গেছে? আরও ৫০০ ম্যাচ খেলার সুযোগ হয়তো পাবেন না। কিন্তু এই জাদুকরের থলে থেকে নিশ্চয়ই আরও অত্যাশ্চর্য অনেক কিছুই বেরোনো বাকি!