৫১২ দিন পর গোল করতে ব্যর্থ রিয়াল!

লিওনেল মেসির সঙ্গে ‘৯-০ গোলে’ পিছিয়ে এই মৌসুমে লা লিগায় নিজের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘চিরপ্রতিদ্বন্দ্বী’র সঙ্গে গোল ব্যবধান কমানো দূরে থাক, উল্টো রিয়াল বেটিসের বিপক্ষে তিনি ব্যর্থ। দলও হেরে গেল ১-০ গোলে। আক্রমণভাগে রোনালদোর সঙ্গে গ্যারেথ বেল, মার্কো এসেনসিও, ইসকোরাও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। এমন একটি আক্রমণ-শক্তি নিয়ে বেটিসের বিপক্ষে গোল বের করতে না পারার ব্যর্থতাটা বেশ দৃষ্টিকটু হয়েই দেখা দিয়েছে।
জিনেদিন জিদানের দলের এ হারে বেশ কিছু পরিবর্তন ঘটল পরিসংখ্যানের পাতায়। আসুন জেনে নিই সেগুলো...
১. রিয়াল মাদ্রিদ সর্বশেষ কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিল ২০১৬ সালের ২৬ এপ্রিল। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেই ম্যাচে গোলশূন্য ড্র করেছিল জিদানের দল। এরপর টানা ১৭ মাস প্রতি ম্যাচেই গোল করেছে রিয়াল। দিনের হিসাবে ঠিক ৫১২ দিন পর কোনো ম্যাচে (রিয়াল বেটিসের বিপক্ষে) গোল করতে ব্যর্থ হলো রিয়াল। লা লিগা চ্যাম্পিয়নদের ফরোয়ার্ড লাইন থমকে গেল বেটিস গোলকিপার আন্তনিও আদানে। এর আগে সর্বশেষ সিটি গোলকিপার জো হার্টকে ফাঁকি দিতে ব্যর্থ হয়েছিল জিদানের দল।
২. ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেই ম্যাচের পর টানা ৭৩ ম্যাচে গোল করে সান্তোসের রেকর্ড ছুঁয়েছে রিয়াল। বেটিসের কাছে হারে পেলের সান্তোসের গড়া রেকর্ডটি অবশ্য টপকে যেতে ব্যর্থ হলেন জিদান। তবে টানা ম্যাচে গোল করার ‘অল-টাইম রেকর্ড’ থেকে বেশ দূরেই থেমেছে রিয়ালের গোলের ধারা। ১৯৩৬ থেকে ১৯৩৯ সালের মধ্যে টানা ৯৬ ম্যাচে গোল করার ‘অল-টাইম রেকর্ড’টি আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের।
৩. গত এপ্রিলের পর থেকে টানা সব ম্যাচের প্রথমার্ধেই গোল করেছে রিয়াল। ম্যাচের প্রথমার্ধে সর্বশেষ তারা গোল করতে ব্যর্থ হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। সেই স্মৃতি তাদের মনে করিয়ে দিল বেটিস।
৪. লা লিগায় ২০১১ সালের পর এই প্রথম ঘরের মাঠে বার্সেলোনা কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের বাইরে অন্য কোনো দলের বিপক্ষে হারল রিয়াল। বেটিসের জন্যও এ জয় ঐতিহাসিক। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেটিস সর্বশেষ জয়ের মুখ দেখেছিল ১৯৯৮ সালে। অর্থাৎ ১৯ বছর পর রিয়ালের মাঠে এটাই প্রথম জয় বেটিসের।
৫. ক্লাবের ১১৫ বছরের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো লিগ মৌসুমে ঘরের মাঠে প্রথম তিন ম্যাচ জিততে ব্যর্থ হলো রিয়াল। সর্বশেষ লিগে ঘরের মাঠে তারা প্রথম তিন ম্যাচ হেরেছিল ১৯৯৫-৯৬ মৌসুমে। সেবার দুই হারের সঙ্গে এক ড্র। ২০ বছর পর এবার উল্টো-দুই ড্র, এক হার।
৬. বেটিসের গোলপোস্ট তাক করে ১২টি শট নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৫ সালের পর লা লিগায় এই প্রথম কোনো খেলোয়াড় এতগুলো শট নিয়েও গোল পেলেন না। রোনালদোর জন্যও এটা রেকর্ড।
৭. লা লিগার চলতি মৌসুমে ৫ ম্যাচে এ পর্যন্ত ৯ গোল করেছে রিয়াল। সমান ম্যাচে ১৭ গোল করেছে তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এর মধ্যে ৯ গোলই লিওনেল মেসির। অর্থাৎ, মৌসুমের এ পথ পর্যন্ত মেসি একাই রিয়ালের সমান গোল করেছেন!