৫২ পেনাল্টির টাইব্রেকার!

টাইব্রেকার মানেই স্নায়ুর ওপর ভীষণ চাপ। সেটা খেলোয়াড়দের জন্য যতটা, দর্শকদের জন্য তার চেয়ে খুব একটা কম নয়। সাডেন ডেথে গেলে তো সেই চাপ নেওয়াই মুশকিল হয়ে পড়ে। আর সেটি যদি ৫২ কিকে যায়, তাহলে খেলোয়াড়-দর্শকদের কথা একবার ভাবুন তো? চেক প্রজাতন্ত্রের পঞ্চম বিভাগের একটা লিগে গত শুক্রবার এই ‘ম্যারাথন টাইব্রেকার’ হয়েছে।
এসকে বাতভ ও এফসি ফ্রিসতাকের খেলাটা নির্ধারিত সময়ের ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছিল। অতিরিক্ত সময়েও দুই দলের কেউ গোল করতে পারেনি। পরে ম্যাচটা গড়ায় টাইব্রেকারে। সেখানেই হয়েছে নাটক। দুই দলের কেউই যেন হারতে চাইছিল না। শেষ পর্যন্ত ম্যাচটা ২২-২১ ব্যবধানে জিতেছে বাতভই। অবশ্য জয়ের সুযোগ বেশি পেয়েছিল ফ্রিসতাকই। ৪-৪, ১১-১১ ও ১৪-১৪তে সমতা থাকার সময় পেনাল্টি থেকে গোল করতে পারলেই তারা জিতে যাবে—এমন সমীকরণ ছিল। কিন্তু প্রতিবারই সেই সুযোগ তারা হারিয়েছে। শেষ দিকে তো দুই দলই মোটামুটি বিরক্ত হয়ে গিয়েছিল শট নিতে নিতে। ফ্রিসতাকের চেয়ারম্যান রসিকতা করে বলেছেন, এই লম্বা টাইব্রেকার গ্যালারিতে বসে দেখতে হয়েছে জন্য পারিবারিক অনুষ্ঠানেও থাকতে পারেননি।
ওই সময় মাঠে সাকল্যে দেড় শ দর্শক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে এক দর্শক পুরো শুটআউটের ভিডিও করেছেন। পরে তিনি সেটি পোস্ট করেছেন নিজের ইউটিউবে। সঙ্গে সঙ্গে সেটি ছড়িয়ে গেছে।
স্বীকৃত ফুটবলে এটাই সবচেয়ে দীর্ঘ সময় ধরে টাইব্রেকার। ২০০৮ সালে নামিবিয়ান কাপে কেকে প্যালেস ও সিভিকসের শুটআউট ৪৮ কিক পর্যন্ত গড়িয়েছিল। গিনেস বুক অব রেকর্ডসে এখন পর্যন্ত সেই ম্যাচেরই নাম আছে। তবে শিগগিরই সেটা মুছে যাবে, সন্দেহ নেই।