৫৩ বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে...

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কি আতাউর রহমানের নাম জানেন? জানলে সত্তর বছর বয়সী এই মানুষটিকে দেশের সেরা ফুটবল দর্শক হিসেবে একটা সম্মাননার আয়োজন করাই উচিত। দেশের ফুটবল মাঠে দর্শক টানতে যেখানে নানা ধরনের প্রলোভনের আয়োজন করতে হয়, সেখানে আতাউর রহমান মাঠে আসেন ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা থেকে। শীত-গ্রীষ্ম-বর্ষা, রোদ-ঝড়-বৃষ্টি কোনো কিছুই আটকে রাখতে পারে না।
বঙ্গবন্ধু স্টেডিয়াম আঙিনায় তিনি পরিচিত ‘আতা ভাই’ হিসেবে। সবার প্রিয় আতা ভাই। বায়তুল মোকাররম-সংলগ্ন গ্যালারিই যেন তাঁর দ্বিতীয় বাড়ি। স্টেডিয়াম পাড়ার প্রচলিত কৌতুক, ‘কোনো দিন ভুল করে ম্যাচের রেফারি নাও আসতে পারে, কিন্তু আতা ভাইয়ের মিস নাই।’ দর্শকশূন্য, খাঁ খাঁ গ্যালারির শূন্যতা যেন একাই পূর্ণ করতে চান পুরো ৯০ মিনিট গলা চড়িয়ে।
আতা ভাই প্রথম বঙ্গবন্ধু স্টেডিয়ামে (তখনকার ঢাকা স্টেডিয়াম) পা রাখেন সেই ১৯৬২ সালে। বয়স তখন মাত্র ১৭। মোহামেডানের সঙ্গে ওয়ান্ডারার্স কিংবা আজাদ—কারা সেদিন মাঠে খেলছিল, ঠিক মনে করতে পারেন না। তবে স্পষ্ট মনে আছে, সেদিনই আতা ভাই পড়ে যান ফুটবলের গভীর প্রেমে। এরপর কেটে গেল ৫৩ বছর। দেশের ফুটবলে ভাটার টানই প্রবল। ধু ধু চর। কিন্তু ফুটবল আজও শিহরণ জাগায় এই মানুষটির হৃদয়ে।
বলছেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে কোনো বড় খেলা মানে সেইটা আমার জন্য চান-রাত। ঈদের আগের দিন সন্ধ্যায় ছোটরা যেমন ঈদের ভোরের জন্য অপেক্ষা করে ব্যাকুল হয়ে, আমিও অপেক্ষা করতে থাকি ম্যাচের দিনের জন্য। বয়স অনেক হয়ে গেছে, কিন্তু ভেতরটার কোনো পরিবর্তন হয়নি। কেন হয়নি আমি জানি না।’
ষাটের দশকে ঢাকা মাঠের ফুটবলারদের দাপট নিজের চোখে দেখা। দেখেছেন দেশের ফুটবলের বিভিন্ন প্রজন্মকে। স্মৃতি হাতড়াতে হয় না। এমনিতেই মনে পড়ে। বললেন, ‘কালা গফুরের মতো খেলোয়াড়ের খেলা দেখেছি। মারী, আশরাফ, গজনবী, তাজুল ইসলাম মান্না, আলী নেওয়াজ কিংবা নবী চৌধুরীদের খেলা দেখে মুগ্ধ হয়েছি। মোহামেডান, ওয়ান্ডারার্স, আজাদ, ভিক্টোরিয়া ও ইপিআইডিসির মতো ক্লাবগুলোর প্রতিদ্বন্দ্বিতা প্রাণভরে উপভোগ করেছি। দেশের ফুটবলে ষাটের দশকের সেই দিনগুলো হারিয়ে গেছে। কিন্তু আল্লাহর রহমতে আমি এখনো আছি। সালাউদ্দিন, চুন্নু, আসলাম, ওয়াসিম, আশীষ, জনি, মোনেম মুন্না, কায়সার হামিদ, সাব্বিরদের খেলাও দেখেছি, আবার জুয়েল রানা, আলফাজ, আরমানদের পর দেখছি মামুনুল, এমিলিদের খেলা।’
শুরু থেকেই মোহামেডানের পাঁড় সমর্থক। সাদা-কালো রং তাঁর জীবনের অংশ। ষাটের দশকে একবার মোহামেডান-ওয়ান্ডারার্স ম্যাচ দেখতে গিয়ে মার খেয়েছিলেন। সেই স্মৃতিও ভুলতে পারেননি, ‘পঁয়ষট্টি কি ছেষট্টি সালের কথা। তখন তো আর আবাহনী ছিল না। ঢাকার ফুটবলে মোহামেডান, ওয়ান্ডারার্স বড় দল। একদিন মোহামেডান-ওয়ান্ডারার্স ম্যাচে ওয়ান্ডারার্স হেরে গেছে। স্টেডিয়ামের বাইরে আনন্দ-উল্লাস করছি আর এসব ওয়ান্ডারার্সের কিছু দাঙ্গাবাজ সমর্থক আমাদের দলটার ওপর হামলা করে। লাঠির বাড়ি খেয়েছিলাম বেশ কিছু। বাড়ি ফেরার আগে ডাক্তারের চেম্বারে যেতে হয়েছিল।’
ছোটবেলায় পড়াশোনা করেছেন ইংরেজি মাধ্যম স্কুলে। স্নাতক ডিগ্রিও তাঁর আছে। ষাটের দশকের একেবারে শেষ দিকে টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কোম্পানিতে ক্যাশিয়ার হিসেবে একটা চাকরি শুরু করেছিলেন। কিন্তু ফুটবলের নেশায় তখন পুরোপুরিই আচ্ছন্ন। এমনও দিন গেছে, প্রতিষ্ঠানের হাজার-হাজার টাকা সঙ্গে নিয়ে গ্যালারিতে খেলা দেখেছেন। মোহামেডানের খেলা থাকলে হাতি দিয়ে টেনেও অফিসের কাজে বসানো যেত না। একটা সময় খেলা দেখার অসুবিধা হচ্ছে চাকরিটাই ছেড়ে দিলেন। অথচ তখন চাকরি সোনার হরিণের চেয়েও দুর্লভ।
কীভাবে চলেছে দিনগুলো চাকরি-বাকরি ছাড়া? প্রশ্নটায় যেন বিরক্তই হলেন। টাকা, চাকরি, সচ্ছল জীবনের আভিধানিক অর্থ সবার কাছে সুখ নাও হতে পারে। জীবনের সব কষ্ট আতা ভাই ভুলে থেকেছেন ফুটবল প্রেমে। দুই সন্তানের জনক। দুজনেরই বিয়ে-সংসার হয়ে গেছে। প্রিয়তমা স্ত্রী তাঁকে একা করে চলে গেছে তাও তেরো বছর হয়ে গেল। এখন ফুটবলই তাঁর প্রেমিকা, ফুটবলই তাঁর সংসার। জীবনের শেষ দিনটাতেও ফুটবলকেই আশ্রয় করে বেঁচে থাকতে চান।
আতা ভাইয়ের খুব খারাপ লাগে দেশের ফুটবলের বর্তমান অবস্থা দেখে। তবে ফুটবল তাঁকে শিখিয়েছে, ৯০ মিনিটের আগেই হাল ছেড়ে না দিতে, ‘আমি আশাবাদী। কাজী সালাউদ্দিনের মতো মানুষ দেশের ফুটবলের ভার যখন নিয়েছেন, একটা “মঞ্জিলে” ফুটবলকে নিয়ে যাবেনই।’
আবাহনী-মোহামেডান উত্তেজনার স্মৃতি তাঁর হৃদয়ে চির-জাগরূক। স্মরণীয় বহু ম্যাচ দেখেছেন এই দুই দলের মধ্যে। গোলযোগের মধ্যেও পড়েছেন বহুবার। তাঁর কষ্ট হয়, এই প্রজন্ম সেই রোমাঞ্চের স্বাদ পেল না, ‘এরা রিয়াল-বার্সেলোনা নিয়ে বাহাস করে। ইউরোপীয় ফুটবলের দুর্দান্ত সব খেলা দেখে। কিন্তু এরা আবাহনী-মোহামেডানকে জানল না। আবাহনী-মোহামেডান ম্যাচের সেই উত্তেজনা উপভোগ করতে পারল না। খুব আফসোস লাগে।’
নিজের গোটা জীবনটাই দেশের ফুটবলকে দিয়ে গেলেন আতা ভাই। বিনিময়ে খুব বেশি কিছু কি পেয়েছেন? আতা ভাই ধমকে উঠলেন, ‘মিয়া, ফুটবল দেখে গত ৫৩ বছরে যে মজা পাইসি, সেটার কোনো মূল্য হয়? মনের আনন্দেই খেলা দেখতে আসি। যেদিন এই আনন্দ পাব না, সেদিনই আমার মৃত্যু। তার আগে দেখে যেতে চাই দেশের ফুটবলটা একটা জায়গায় অন্তত গেছে।’