৫৫ বছরে পেশাদারি ফুটবল!

৫৫ বছর বয়সে পেশাদারি ফুটবল! এও কি সম্ভব? ইংলিশ গোলরক্ষক ডেভ বিসান্ট আর একটু হলেই সেই অসম্ভবটা সম্ভব করে ফেলেছিলেন। ইংলিশ চতুর্থ স্তরের দল স্টিভেঞ্জের হয়ে কালাইল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাঠে নামলেই এই অনন্য রেকর্ডটা নিজের করে নিতে পারতেন তিনি। দুর্ভাগ্য তাঁর, স্টিভেঞ্জের কোচ ম্যাকবেইন তাঁকে বেঞ্চে রাখলেও ঠিক মাঠে নামানোর সাহসটা সঞ্চয় করে উঠতে পারেননি। তবে যেহেতু বদলি খেলোয়াড়ের তালিকায় পর্যন্ত নাম উঠেছিল, কে জানে, যেকোনো দিন নেমে পড়ে যেতে পারেন মাঠেও।
স্টিভেঞ্জ ইংলিশ লিগের চতুর্থ স্তরের দল হলেও এই ক্লাবের খেলোয়াড়েরা সবাই পেশাদার। লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোর খেলোয়াড়দের মতো রোজগার না হলেও এসব স্তরের ক্লাবগুলোর ফুটবলাররা খুব খারাপ রোজগার করেন না। বিসান্ট অবশ্য এই ক্লাবের সঙ্গে ঠিক খেলোয়াড় হিসেবে জড়িত নন। তিনি গোলরক্ষক কোচ হিসেবে কাজ করেন। এই দলের দ্বিতীয় গোলরক্ষক তাঁরই ছেলে স্যাম বিসান্ট। মূল গোলরক্ষক মাঠে থাকলেও স্যামের চোটজনিত কারণে ডাগ আউটে একজন খেলোয়াড় হিসেবেই বসতে বাধ্য হয়েছিলেন তিনি। কোনো কারণে মূল গোলরক্ষককে মাঠের বাইরে নিতে হলে ডেভকেই গ্লাভস পরে মাঠে নামতে হতো, আর তাতেই তিনি হয়ে যেতেন ইংলিশ ফুটবলের সবচেয়ে বেশি বয়সী পেশাদার ফুটবলার। সে সম্ভাবনা থাকছে সামনের দিনগুলোতেও।
বিসান্টের ক্যারিয়ার মোটামুটি সমৃদ্ধই। ইংল্যান্ড জাতীয় দলে জায়গা পেয়েছিলেন, খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ। ১৯৭৯ সালে উইম্বলডনের হয়ে ইংলিশ ফুটবলে ক্যারিয়ার শুরু করা এই বিসান্ট ১৯৮৮ সালের এএফ কাপের ফাইনালে লিভারপুলের বিপক্ষে ছিলেন উইম্বলডনের জয়ের নায়ক। সেই ঐতিহাসিক জয়ে ঠেকিয়েছিলেন লিভারপুলের তারকা জন অলড্রিজের নেওয়া পেনাল্টিও। ১৯৮৮ সালে উইম্বলডন ছাড়ার পর খেলেছেন চেলসি, টটেনহাম হটস্পারের মতো ক্লাবেও। এ ছাড়া বিভিন্ন সময় খেলেছেন নিউক্যাসল, উলভারহ্যাম্পটন, ব্র্যাডফোর্ড সিটি, পোর্টসমাউথ, উইগান, সাউদাম্পটন ও নটিংহাম ফরেস্টের মতো ক্লাবগুলোয়। ২০০৩ সালে ব্রিংটনের হয়ে শেষবারের মতো ইংলিশ ফুটবলের কোনো পেশাদারি লড়াইয়ে মাঠে নেমেছিলেন। ১৯৭৯ থেকে ২০০৩ পর্যন্ত তিনি ইংলিশ ফুটবলে খেলেছেন ৭৭৩টি ম্যাচ।
মজার ব্যাপার হচ্ছে, কার্লাইলের বিপক্ষে ম্যাচটি স্টিভেঞ্জ হেরেছে ৩-০ গোলে। ‘তরুণ’ গোলরক্ষক ক্রিস ডের হাত ফসকে তিনটি গোল স্টিভেঞ্জের জালে প্রবেশ করলেও কোচ কেন এমন অভিজ্ঞ গোলরক্ষকের কথা চিন্তা করলেন না, সেটা অবশ্যই ভাবার বিষয়। বিসান্ট প্রথম থেকে মাঠে থাকলে কি এমন হতো? ম্যাকবেইন লোকটি আসলে মানুষ চেনেন না!