৫৫৩ মিনিট পর গোলে রুনির দুই অর্জন

এত দিন ধরে সবাইকে বোকা বানিয়ে গেছেন ওয়েইন রুনি। তাঁর ইচ্ছেটাই ছিল এমন, দুর্দান্ত ফিনিশিংয়ের সুযোগ না পেলে গোল করবেন না। অক্টোবরে শৈশবের ক্লাব এভারটনের সঙ্গে ম্যাচটির পর প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচে কোনো গোল পাননি ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। মাঝে নভেম্বরে চ্যাম্পিয়নস লিগে সিএসকেএ মস্কোর সঙ্গে গোল করে মুখরক্ষা করেছেন। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে আবারও ছয় ম্যাচের বিরতি। কেন জানেন? ওই যে, যেনতেন ভাবে গোল করার ইচ্ছে রুনির ছিল না।
নিছকই মজা করে বলা। গতকাল সোয়ানসি সিটি ম্যাচে জয়সূচক যে গোলটি রুনি করেছেন, সেটি তাঁর মতো খেলোয়াড়ের জন্য ‘সাধারণ’ বিষয়। তবে ৫৫৩ মিনিট বিরতির পর, পুরো মৌসুমেই ছন্দহীন একজন স্ট্রাইকার যদি এমন গোল দিয়ে গোলখরা কাটান, তবে সেটি নিয়ে একটু বাড়তি মাতামাতি মোটেও দোষের নয়।
গোলটার মাহাত্ম্যও দেখুন। ম্যাচে তখন ১-১ সমতা। প্রথমে এগিয়ে যাওয়া ইউনাইটেডকে সমতায় টেনে এনেছে সোয়ানসি। সেই মুহূর্তটিতে দুই দলের সর্বশেষ দুই ম্যাচের কথাই মনে পড়ছিল বেশি। দুবারই যে প্রথমে এগিয়ে গিয়েও পরে ২-১ এ হেরে গিয়েছিল ইউনাইটেড। এবারও তেমন কিছু হবে কিনা এই শঙ্কা যখন ঘিরে ধরছে ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের, তখনই চেনা রূপে দেখা দিলেন রুনি। ম্যাচের ১৩ মিনিট বাকি থাকতে মার্শিয়ালের ক্রস, তাতে বাঁ পায়ের ব্যাকহিল ফ্লিকে বল জালে জড়িয়ে দিলেন রুনি। এক মুহূর্তের জন্য হলেও যেন পুরোনো সুর ফিরে এল ইউনাইটেডের ‘থিয়েটার অব ড্রিমসে’।
এমন গোল রুনি আরও অনেক করেছেন, এর চেয়ে সুন্দর গোলও আছে তাঁর। তবে এই ‘সাধারণ’ গোলটি নিয়েই এত মাতামাতি, কারণ এই গোল দিয়ে ৮ ম্যাচ পর জয়ের মুখ দেখল ইউনাইটেড। কারণ এই গোলটি হয়তো ইউনাইটেড কোচ লুই ফন গালের চাকরি এ দফায় বাঁচিয়ে দিতে পারে। আর শুধু এই ম্যাচ বা এই মৌসুমের হিসেবে নিকেশ এক পাশে তুলে রাখলেও, এই গোল দিয়ে দু-দুটি অর্জন হয়ে গেছে রুনির। প্রিমিয়ার লিগ ও ইউনাইটেডে— সর্বোচ্চ গোলদাতার দুটি তালিকাতেই দুইয়ে উঠে এসেছেন এই ইংলিশ স্ট্রাইকার। প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৮৭ গোল করা অ্যান্ডি কোলকে পেছনে ফেলেছেন, সামনে আছেন কেবল নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়ারার (২৬০)। আর ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেছনে ফেলেছেন ২৩৮ গোল করা ডেনিস ল-কে। আর ১১ গোল করলে পেরিয়ে যাবেন স্যার ববি চার্লটনের ২৪৯ গোলের ক্লাব রেকর্ডটিও।
এমন দিনে সবার মুখে রুনির নামটিই ফিরবে এ আর এমন আশ্চর্য কী! ইউনাইটেড কোচ ফন গালও ম্যাচশেষে মেতে উঠলেন রুনি-স্তুতিতে, ‘সুন্দর একটা গোল করেছে ও, বাঁ পা ছিল ডান পায়ের পেছনে। কল্পনা করতে পারবেন না কেমন গোল ছিল এটি। অসাধারণ একটা গোল ছিল এটি।’ গোলের সংখ্যায় ল-কে পেছনে ফেললেও রুনি এক গোল বেশি করতে ম্যাচ বেশি খেলেছেন ৯৯টি। স্ট্রাইক রেটের হিসেবে তাই অনেক পিছিয়ে ইংল্যান্ড অধিনায়ক। তবে ফন গালের ওসবে পাত্তা দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, ‘এটা অসাধারণ একটা অর্জন, তা-ও ৩০ বছর বয়সে। আমরা এখন অনেক বেশি ম্যাচ খেলি, তারপরও এটা একটা অর্জন।’
ফন গাল প্রশংসা করেছেন, রুনি প্রশংসা পেয়েছেন সতীর্থ, সাবেক ও বর্তমান আরও অনেক খেলোয়াড়ের কাছ থেকে। বাস্তিয়ান শোয়েইনস্টাইগার যেমন ইনস্টাগ্রামে রুনির ব্যাক হিল গোলের দিকে ইঙ্গিত করে একটা ছবি দিয়ে লিখেছেন, ‘মি. হিলের সঙ্গে একটা ছবি।’ তবে একটু মজা করে টুইট করেছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার, ‘রুনির দুর্দান্ত ফিনিশ। বছরে ম্যাচপ্রতি গোলের হিসেবটা এখনো অটুট আছে ওর।’
মৌসুমটা যেমন কাটছে, তাতে এই ব্যাপারটা পুরো মৌসুমজুড়ে অটুট রাখতে পারলেই খুশি হবেন রুনি। তথ্যসূত্র: ইএসপিএন।