৫৬ ফ্রি-কিকের পর অবশেষে রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর রোনালদোর সেই চেনা ভঙ্গিতে উগ্‌যাপন। ছবি: রয়টার্স
গোলের পর রোনালদোর সেই চেনা ভঙ্গিতে উগ্‌যাপন। ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদের হয়ে ৩০০ গোলের ২৪টি এসেছে ফ্রি-কিক থেকে। অথচ প্রায় এক বছর ফ্রি-কিকে গোল আদায় করতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ ফ্রি-কিকে গোল এসেছিল গত বছর ২৯ এপ্রিল, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর লিগে গত বছর ২৬ মার্চ, সেভিয়ার বিপক্ষে। এরপর ৫৬টা ফ্রি-কিক নিয়েছেন গোল পাননি। অবশেষে এইবারের বিপক্ষে আজ ‘ফ্রি-কিক খরা’ কাটল রোনালদোর।

লিগের হিসাব-নিকাশ শেষের দিকে। এ মুহূর্তে পা হড়কালেই সর্বনাশ! বার্নাব্যুতে এইবারের বিপক্ষে স্বাভাবিকভাবেই ‘সতর্ক’ ছিল রিয়াল মাদ্রিদ। তবে এই নয়, প্রতিপক্ষ কাঁপিয়ে দিয়েছে রিয়ালকে। নিরুত্তাপ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো, হাভিয়ের হার্নান্দেজ ও হেসে রদ্রিগেজের গোলে ৩-০ ব্যবধানে এইবারকে হারিয়ে আবারও বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলার সুযোগ পেল রিয়াল।
নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে ছিলেন না হামেস রদ্রিগেজ ও টনি ক্রুস। চোটের কারণে ছিলেন না গ্যারেথ বেলও। তবুও আক্রমণভাগের ধারে খুব একটা কমতি ছিল না রিয়ালের। আজ মোট ছয়টি পরিবর্তন আসা কার্লো আনচেলত্তির দল ফ্রি-কিক পেল ২১ মিনিটেই। রোনালদোর ফ্রি-কিক থেকে সরাসরি গোল। এর আগে ৫৬টা ফ্রি-কিকে কোনো গোল পাননি। নামটা রোনালদো বলেই বিস্ময় জাগছে।
৩১ মিনিটে আলভেরো আরবেলোয়ার ক্রস দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন হাভিয়ের হার্নান্দেজ। এরপর বেশ কয়েকবার আক্রমণ চালায় রিয়াল, কিন্তু কাজ হয়নি। ৮৩ মিনিটে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে বক্সে ক্ষিপ্র গতিতে ঢুকে পড়ে ডান পায়ের জোরালো শটে ম্যাচের শেষ গোলটি করেন হেসে।
এ জয়ে আবারও বার্সেলোনা থেকে পয়েন্ট ব্যবধান কমিয়েছে কার্লো আনচেলত্তির দল। ৩১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৩। ৩০ ম্যাচে বার্সার ৭৪। রাত ১২টায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সা। সে ম্যাচে লুইস এনরিকের দল জিতলে দুই দলের পয়েন্ট ব্যবধান আবারও ৪ হয়ে যাবে। তথ্যসূত্র: এএফপি, মার্কা।