৫৮ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন বেল

কাগজে–কলমে তিনি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। কিন্তু জাতীয় দল ওয়েলসের হয়ে ইতিহাস গড়ে ফেলবেন, এক বছর আগেও সেটা নিশ্চয় গ্যারেথ বেল ভাবেননি। ওয়েলসকে প্রথমবারের মতো ইউরোতে নিয়ে যাওয়া, প্রথম দুই ম্যাচেই গোলের পর কাল আরেকটি ইতিহাস লিখেছেন। ওয়েলসের ইতিহাসে কোনো বড় টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল এখন বেলেরই। মাত্র তিন ম্যাচ খেলেই এই রেকর্ড নিজের করে নিলেন রিয়াল মাদ্রিদ তারকা!
প্রথম দুই ম্যাচেই ফ্রি কিক থেকে গোল পেয়েছিলেন। কাল অ্যারন রামসের পাস থেকে সরাসরিই গোল করলেন। ইউরোতে তিন গোল নিয়ে বেলই এখন সর্বোচ্চ গোলদাতা। ১৯৫৮ সালে সর্বশেষ বিশ্বকাপ ফুটবল খেলেছিল ওয়েলস। ওটাই তাদের সর্বশেষ কোনো বড় আসরে খেলা। ওই আসরে দুই গোল করেছিলেন ইভর আলচার্চ। তিন গোল করে বেল এবার তাঁকেও ছাপিয়ে গেলেন। ভেঙে দিলেন ৫৮ বছর ধরে অটুট থাকা ওয়েলসের এই রেকর্ড। ইয়ান রাশ, রায়ান গিগসরা যেটা করতে পারেননি, বেল সেটিই করে ফেললেন।
ওয়েলস না হয় এমনিতেই বড় টুর্নামেন্টে খেলতে পারেনি আধা শতকেরও বেশি সময়; বেলের জন্য রেকর্ডটা খুব বেশি কঠিন কিছু ছিল না। কিন্তু শুধু নিজ দলের হয়ে নয়, বেল আরও একটা কীর্তি গড়েছেন। ২০০৪ সালে সর্বশেষ ইউরোর প্রথম তিন ম্যাচে কেউ গোল পেয়েছিল। সেবার রুদ ফন নিস্টলরয় ও মিলান বারোস নিজেদের প্রথম তিন ম্যাচেই গোল পেয়েছিলেন। এবার বেলও তার পুনরাবৃত্তি করলেন। এতকাল পর ইউরো খেলতে এসে গ্রুপ–সেরা হয়েই নকআউট পর্বে গেল ওয়েলস। এমনকি এই গ্রুপে থাকা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ইংল্যান্ডও হয়েছে গ্রুপের দ্বিতীয় দল।
ইউরোতে গ্রুপ পর্বের সব কটি ম্যাচেই গোল করার কীর্তি আগে ছিল মাত্র চারজনের। ১৯৮৪ সালে প্রথম তিন ম্যাচেই গোল পেয়েছিলেন মিশেল প্লাতিনি। ১৯৯৬ সালে সেই কীর্তি করেছিলেন বুলগেরিয়ার রিস্টো স্টইচকভ ও ইংল্যান্ডের অ্যালান শিয়ারার। ২০০০ সালে তখনকার যুগোস্লাভিয়ার হয়ে প্রথম তিন ম্যাচে গোল পেয়েছিলেন সাভো মিলোসেভিচ।
বেল, ছোট দলের বড় তারকা আবারও বুঝিয়ে দিলেন, একাই দলকে টেনে নিয়ে যেতেও তিনি প্রস্তুত। যেটা তাঁর ক্লাব সতীর্থ ও আক্রমণসঙ্গী রোনালদোও পারছেন না!