৫৯১ দিন পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে পয়েন্ট হারাতে কেমন লাগে, সেটা ভুলেই গিয়েছিল জুভেন্টাস। কম তো নয়, ঘরের মাঠে টানা ৩৩টি লিগ ম্যাচ জিতেছিল সিরি ‘আ’ চ্যাম্পিয়নরা! জিতেছিল লিখতে হলো, কারণ পরশু জুভেন্টাস স্টেডিয়ামে নগরপ্রতিদ্বন্দ্বী তুরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করে জয়ের ধারাটা ভেঙেছে টানা পাঁচবারের চ্যাম্পিয়নদের। ড্র করেই অবশ্য খুশি থাকতে পারে জুভেন্টাস, ম্যাচের যোগ করা সময়ে গঞ্জালো হিগুয়েইন গোল না পেলে যে হার নিয়েই মাঠ ছাড়ত হতো।
পরশুর আগে জুভেন্টাস ঘরের মাঠে লিগ ম্যাচে সর্বশেষ পয়েন্ট হারিয়েছিল ২০১৫ সালে ২৩ সেপ্টেম্বর। ফ্রসিনোনের বিপক্ষে ওই ম্যাচেও ১-১ গোলে ড্র করেছিল জিয়ানলুইজি বুফনের দল।
পরশুর ড্র জুভেন্টাসের শিরোপা জয়ের উৎসবও কমপক্ষে এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে। ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নাপোলির। এক ম্যাচ হাতে রেখে রোমার পয়েন্ট ৭৫। তুরিনোকে হারালে ৮৭ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের ডাবল হ্যাটট্রিকটা প্রায় নিশ্চিতই করে ফেলত জুভেন্টাস।
৫২ মিনিটে আদেম লিয়াইচের ফ্রিকিক গোলে এগিয়ে যাওয়া তুরিনো ৫ মিনিট পরে হয়ে যায় ১০ জনের দল। একজন কম নিয়েই দারুণ এক জয় প্রায় হাতের মুঠোয় নিয়ে ফেলেছিল তুরিনো। কিন্তু বাদ সাধলেন বদলি হিসেবে নামা হিগুয়েইন। এএফপি, রয়টার্স।