৬-এ ১? ‘সম্মান’ বাঁচাতেই ইউনাইটেডকে হারাতে চাইবেন গার্দিওলা
না জিতলে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ উলে গুনার সুলশারের চাকরি থাকবে না—জোর গুঞ্জন ইংল্যান্ডে। তাই আজ ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডেরই জয়টাই বেশি দরকার যেন।
বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলতে যাচ্ছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তার আগে এই ধারণাটাই সবচেয়ে বেশি ছড়িয়ে গেছে। ছড়ানোর কারণও আছে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের মাঠে হেরে গ্রুপ পর্বেই বাদ পড়েছে ইউনাইটেড, এ 'অপমান' ইউনাইটেডের সইবে কেন! এরই মধ্যে সাবেক টটেনহাম কোচ মরিসিও পচেত্তিনোর সঙ্গে গোপন বৈঠক হয়েছে ইউনাইটেডের প্রধান নির্বাহী এড উডওয়ার্ডের—এমন গুঞ্জনও শোনা যায় ইংলিশ সংবাদমাধ্যমে।
সিটি কোচ গার্দিওলার চাকরি নিয়ে শঙ্কা আপাতত নেই। কিন্তু একটা রেকর্ড যে গার্দিওলার রাতের ঘুম কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে! লজ্জার সেই রেকর্ডের হাত থেকে নিজের 'সম্মান' বাঁচাতেও গার্দিওলা আজ খুব করেই জিততে চাইবেন।
কী রেকর্ড? প্রিমিয়ার লিগে গত এক বছরে ছয় বড় দলের মধ্যে বাকি পাঁচটির মাঠে গার্দিওলার সিটির জয়ের করুণ হার! লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম ও আর্সেনাল—প্রিমিয়ার লিগের এই 'বিগ সিক্সে'র বাকি পাঁচ প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ৬ ম্যাচে মাত্র ১ জয় গার্দিওলার সিটির, বাকি পাঁচ ম্যাচেই হেরেছে।
তা-ও একমাত্র জয়টি এসেছে গত বছরের ডিসেম্বরে ভাঙাচোরা এক আর্সেনালের বিপক্ষে, যখন তাদের আপৎকালীন দায়িত্বে ছিলেন দলটার সাবেক ফরোয়ার্ড ফ্রেডি লিউনবার্গ! বড় দলগুলোর বিপক্ষে তাহলে জিততে ভুলে গেছেন গার্দিওলা?
২০১৯ সালের নভেম্বরে লিভারপুলের মাঠে ৩-১ গোলে হার দিয়ে শুরু গার্দিওলার এই 'যাত্রা।' ওই হারটা গত মৌসুমে গার্দিওলার দলের টানা তৃতীয় লিগ শিরোপা জয়ের স্বপ্নে বলতে গেলে শেষ পেরেকই ঠুকে দিয়েছিল। এরপর ফেব্রুয়ারিতে জোসে মরিনিওর টটেনহামের কাছে সিটি হারল ২-০ গোলে, মার্চে ইউনাইটেডের মাঠেও হার একই ব্যবধানে।
আর করোনাকে পাশ কাটিয়ে ফুটবল ফেরার পর গত জুনে চেলসির মাঠে সিটি হেরেছিল ২-১ গোলে, যে হার অঙ্কের হিসেবে নিশ্চিত করে দিয়েছিল লিভারপুলের শিরোপা জয়।
সে তো গেল গত মৌসুমের হিসাব, ধারাটা থেকে এই মৌসুমেও বের হতে পারেনি সিটি। গত ২১ নভেম্বর আবার মরিনিওর টটেনহামের মাঠে গার্দিওলার দল হেরে গেছে ২-০ গোলে। ক্যারিয়ারে এই প্রথম মরিনিওর কোনো দলের বিপক্ষে টানা দুই ম্যাচে হারলেন গার্দিওলা। প্রিমিয়ার লিগে এসে আর কত নেতিবাচক রেকর্ডের মুখে যে পড়বেন সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ!
এত হারের মুখে গার্দিওলা কি আজ ওল্ড ট্রাফোর্ডের নিজের কৌশল বদলাবেন? সম্ভবত না। এমনিতে সিটি এই মৌসুমে নড়বড়ে শুরুর পর দারুণ ছন্দে ফিরেছে গত কিছুদিনে। সর্বশেষ পাঁচ ম্যাচেই জিতেছে, সর্বশেষ ১০ ম্যাচে জয় ৭টিতে, এই দশ ম্যাচের ৫টি জাল অক্ষত রেখেছে সিটি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেড যা পারেনি, সেই গ্রুপ পর্ব সিটি পেরিয়ে গেছে অনায়াসেই!
লিগে অবশ্য পয়েন্ট তালিকায় ইউনাইটেডের পেছনেই আছে সিটি। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইউনাইটেড আছে পয়েন্ট তালিকার সাত নম্বরে, সিটি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে। গার্দিওলা তবু আজকের ম্যাচ নিয়ে বললেন, 'অবশ্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ। তবে সে রকম গুরুত্বপূর্ণ তো আগামী মঙ্গলবারের (ওয়েস্ট ব্রমের বিপক্ষে) ম্যাচটাও।'
লিগের পয়েন্ট তালিকার হিসাব করলে গার্দিওলার কথায় ভুল নেই। তবে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ শুধু ডার্বি বলেই গুরুত্বপূর্ণ নয়। বড় ছয় দলের মাঠে গার্দিওলার সর্বশেষ এক বছরের রেকর্ড এক পাশে রাখলেও শুধু ইউনাইটেডের বিপক্ষে কী ঘরের মাঠে, কী ইউনাইটেডের মাঠে—গার্দিওলার সিটির রেকর্ড যে তথৈবচ!
দুদলের মুখোমুখি সর্বশেষ চার ম্যাচের তিনটিই হেরেছে সিটি! গার্দিওলার দলের বল দখলে রেখে খেলার কৌশলকে বারবার রাশফোর্ড-মার্শিয়াল-ব্রুনো ফার্নান্দেসদের গতিময় পাল্টা আক্রমণে টেক্কা দিচ্ছেন সুলশার।
গার্দিওলার দিক থেকে আজ জবাব আসবে?