৬ গোলের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর জয়

রুবেল মিয়া কি ঠিক করে রেখেছেন, গোল যখন করবেন, সেটি মনে রাখার মতো করেই করবেন।
স্বাধীনতা কাপের ফাইনালে তাঁর দুর্দান্ত ‘সিজর-কিক’ই শিরোপা এনে দেয় চট্টগ্রাম আবাহনীকে। প্রিমিয়ার লিগের আগের ম্যাচটিতেই দুর্দান্ত গোল করে দলকে ফিরিয়েছেন সমতায়। মনে রাখার মতো গোল করলেন আজও, ২টি। রুবেলের জোড়া গোলে ভর করেই আজ ঢাকা মোহামেডানকে ৪-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।
এর আগ পর্যন্ত জোসেফ পাভলিকের রণকৌশলে তাঁর ভূমিকা মূলত ছিল বদলি খেলোয়াড়ের। পরে নেমে যদি কিছু করতে পারেন! পেরেছেন রুবেল, বদলি হিসেবে নেমেই আগের ম্যাচের সেই সমতাসূচক গোল। তারই পুরস্কার পেলেন আজ, অনেকটাই ভরে ওঠা এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারির সামনে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন ম্যাচের শুরু থেকেই। সুযোগটা কী দুর্দান্তভাবেই না কাজে লাগালেন তরুণ ফরোয়ার্ড!
দলের প্রথম ও তৃতীয় গোলটি করেছেন। প্রথমটি দলীয় সমন্বয়ের দুর্দান্ত উদাহরণ, তৃতীয়টি ব্যক্তিগত দক্ষতার। এর বাইরে পেনাল্টি থেকে চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয় গোল করেছেন হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল, চতুর্থটি জাহিদ হোসেন। মোহামেডানের হয়ে ব্যবধান কমানো গোল দুটি করেছেন আরও বাংলাদেশের আরও দুই তরুণ— আমিনুর রহমান সজীব ও আবদুল মালেক।
ম্যাচের শুরুটা দুর্দান্তই ছিল। বিশেষ করে প্রথম ২৫ মিনিট, এক মিনিটে চট্টগ্রাম আবাহনীর বক্সে বল, তো পরের মিনিটেই মোহামেডানের। মাঝমাঠে বল দখলে রেখে বারবার আক্রমণে যাচ্ছিল চট্টগ্রাম আবাহনী, প্রতিআক্রমণে মোহামেডানও ভয় ধরিয়ে দিচ্ছিল। তবে এরপর থেকেই নিয়ন্ত্রণ আস্তে আস্তে উঠে যায় চট্টগ্রাম আবাহনীর হাতে। কখনো মাঠের মাঝ দিয়ে থ্রু বলে, কখনো দুই উইং দিয়ে আক্রমণ করে যাচ্ছিল তারা।
ফলও আসে ৪২ মিনিটে, রুবেল মিয়ার গোলে এগিয়ে গেল চট্টগ্রাম আবাহনী। গোলটা হলোও দুর্দান্ত! মাঝমাঠ থেকে ছোট ছোট পাসে উঠে বক্সের বাঁ দিকে বল গেল লেফট ব্যাক ইয়ামিন মুন্নার কাছে। তাঁর ক্রসে গতি একটু বেশি ছিল, কিন্তু দূরের পোস্টে লিওনেল তো ছিলেন। হাইতিয়ান ফরোয়ার্ড ব্যাক হেড করে বল ফেললেন গোলপোস্টের দুই-তিন গজ সামনে। ‘সুযোগসন্ধানী’ রুবেল মিয়ার পা ছোঁয়ানোতেই কাজ হলো।
দ্বিতীয় গোল পেতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না চট্টগ্রামের আকাশি-নীলদের। অপেক্ষায় রাখলেন না লিওনেল। প্রথমার্ধের যোগ করা সময়ে মাঝমাঠ থেকে দুর্দান্ত থ্রু পেলেন মোহামেডান বক্সের সামনে। পোস্ট ছেড়ে এগিয়ে আসা মোহামেডান গোলকিপারের সামনে একেবারে ‘ওয়ান-অন-ওয়ান’, কাটানোর চেষ্টাও করেছিলেন লিওনেল। কিন্তু গোলকিপারের বাধা পেয়ে পড়ে যান। পেনাল্টি! ঠান্ডা মাথায় বলটাকে জালে পাঠাতে ভুল হলো না লিওনেলের।
দ্বিতীয়ার্ধে গোল হলো আরও চারটি। তবে এর মধ্যে আলাদা হয়ে থাকবে বিশেষ দুটি গোল। চট্টগ্রাম আবাহনীর হয়ে রুবেলের, মোহামেডানের হয়ে সজীবের। ৫২ মিনিটে মোহামেডান বক্সের সামনে বল পেয়েছিলেন রুবেল। ২০ গজ দূর থেকেই তাঁর ডান পায়ের দুর্দান্ত শট বারে লেগে ঢুকে গেল জালে। নিশ্চিতভাবেই প্রিমিয়ার লিগে মৌসুম-সেরা গোলের মনোনয়ন পাওয়ার মতো গোল।
মনোনয়নে অবশ্য রুবেলের গোলের প্রতিদ্বন্দ্বী সজীবের গোলটিও। অনেকটা রুবেলের গোলের মতোই, বক্সের ২০ গজ দূর থেকে বাঁ পায়ের শটে মোহামেডানের প্রথম গোলটি করেন এই স্ট্রাইকার।
ম্যাচের শেষ দিকে হয়েছে দুটি গোল। ৮৯ মিনিটে চট্টগ্রাম আবাহনীর চতুর্থ গোল করেছেন জাহিদ। যোগ করা সময়ে মোহামেডানের হয়ে ব্যবধান কমান বদলি নামা মালেক।
তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এ ম্যাচের বড় পাওয়া, দুর্দান্ত ম্যাচ, তাতে স্থানীয় খেলোয়াড়দের দাপট। দুর্দান্ত ম্যাচ, ছয়টি গোল হলো তাতে, পাঁচটিই বাংলাদেশিদের।
প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড়দের দাপটের গল্প শুনতে শুনতে ক্লান্ত বাংলাদেশিদের মনে লিলুয়া বাতাসের মতো হয়েই থাকুক না ম্যাচটা।