৬ মাস নিষিদ্ধ জিলানী
গত জুন থেকেই কর্মহীন করে রাখা হয়েছিল বাফুফের তালিকাভুক্ত কোচ সৈয়দ গোলাম জিলানীকে। সিলেটে ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের এই কোচ সম্প্রতি সিনিয়র ডিভিশন ফুটবলে পাতানো ম্যাচ খেলার সঙ্গে জড়িত একটি দলের পক্ষে কথা বলেন। যার অর্থ দাঁড়ায়, তিনিও হয়তোবা এই ন্যক্কারজনক কাজের সঙ্গে জড়িত! তবে পাতানো ম্যাচ আয়োজন নয়, বাফুফের নির্বাহী কমিটি গতকাল জিলানীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে ফেডারেশনের আচরণবিধি ভাঙার অভিযোগে। গত ১ জুন থেকে এই শাস্তি কার্যকর হয়েছে।
বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী শাস্তি প্রসঙ্গে বলেছেন, ‘ফেডারেশনের চুক্তিভিত্তিক কোচ হিসেবে কোনো ক্লাবের পক্ষে তিনি কথা বলতে পারেন না। তিনি আচরণবিধি ভেঙেছেন। এ জন্যই শাস্তি দেওয়া হয়েছে।’ তবে একাধিকবার যোগাযোগ করেও জিলানীর মুঠোফোন বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গত জুনে সিনিয়র ডিভিশনে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের কর্মকর্তা ছিলেন জিলানী। ঢাকা ইউনাইটেডের সঙ্গে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ারের ম্যাচটি পাতানো ছিল বলে প্রমাণ পায় মহানগরী লিগ কমিটি। এই দুই ক্লাবকে পাতানো খেলার দায়ে অভিযুক্ত করে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেয় লিগ কমিটি। তবে সংবাদমাধ্যমে জিলানী দাবি করেন, ম্যাচটি পাতানো ছিল না। মহানগর লিগ কমিটি এ জন্য জিলানীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাফুফের কাছে অনুরোধ করেছিল।
দল বাড়ছে প্রিমিয়ার লিগে
নামে পেশাদার লিগ হলেও একেক মৌসুমে একেক রকম নিয়ম তৈরি করছে বাফুফে। এবার যেমন লিগের মাঝপথে এসে সিদ্ধান্ত নেওয়া হলো আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দুটি দল উঠবে প্রিমিয়ারে। একটি দল অবনমিত হবে প্রিমিয়ার থেকে। সেই হিসাবে আগামী প্রিমিয়ার লিগ হবে ১৩ দলের। গতবার প্রিমিয়ার লিগ থেকে দুটি দল অবনমিত হয়েছিল।