৬ ম্যাচে ৮৮ গোল সাবিনার ১০টি!
কেএফসি জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনটিকে গোলবন্যার দিন বললেও কম বলা হবে। ৬ ম্যাচে গোল হয়েছে ‘মাত্র’ ৮৮! ম্যাচপ্রতি গোল প্রায় ১৫টি! সবচেয়ে বড় ব্যবধানটা মেহেরপুরে, যেখানে বিজেএমসি ২৬-০ গোলে ভাসিয়েছে চুয়াডাঙ্গাকে। কম যায়নি আনসার ও ভিডিপি। লক্ষ্মীপুরে তারা নোয়াখালীর জালে বল পাঠিয়েছে ২৫ বার (২৫-০)!
দিনটাকে সবচেয়ে বেশি উপভোগ করেছেন জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। ‘গোলমেশিন’ সাবিনার এক ম্যাচে ১৪-১৫টি গোল করার অভিজ্ঞতা আছে অনেক। কাল বিজেএমসির জার্সি গায়ে তুলনামূলক কমই করলেন! ‘মাত্র’ ১০টি! সতীর্থ মিরনার ৫ ও সুরাইয়ার ৪ গোল। হ্যাটট্রিক আছে মুক্তা, বীথিরও। লক্ষ্মীপুরের ম্যাচে সর্বোচ্চ ৭টি গোল করে করেছেন মুনমুন ও উচিং মারমা। মাওই মারমরা নামের পাশে ৬ গোল।
রাজশাহীতে সিরাজগঞ্জের বিপক্ষে টাঙ্গাইলের ১৫-০ জয়ে কৃষ্ণারানীর ৬ গোল। মিথিলা ৪টি। ফরিদপুরে সাদিয়ার হ্যাটট্রিকে গোপালগঞ্জ ৯-০ গোলে ভাসিয়েছে মুন্সিগঞ্জকে। রংপুরে পঞ্চগড়ের বিপক্ষে ঠাকুরগাঁওয়ের ৮-০ জয়ে বেবি রানীর গোল ৬টি। যশোরে পারভীনের হ্যাটট্রিকে বাগেরহাটকে সহজেই হারিয়েছে সাতক্ষীরা (৪-১)।