প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেফারিদের নাম মনে রাখে না কেউ। জর্জ টাইমের নামই বা আগে কে শুনেছে? তবে পরশু তিনি যা করেছেন, তাতে সলোমন দ্বীপপুঞ্জের এই রেফারিকে মনে না রেখে উপায় কী! এক ম্যাচে ছয়জন ফুটবলারকে লাল কার্ড দেখিয়েছেন তিনি। ওশেনিয়া চ্যাম্পিয়নস লিগে এ ম্যাচে ফিজির নাদি এফএ ৪-৩ গোলে হারিয়েছে সামোয়ার কিউই এফসিকে। তবে ম্যাচের ফলকেও ছাপিয়ে গেছে লাল কার্ড-কাণ্ড। ৪৪ মিনিট পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, খেলায় ৩-১ গোলে এগিয়ে ছিল কিউই এফসি। এরপরই শুরু হয় লাল কার্ড দেখার ‘উৎসব’। দুই দলেরই তিনজন করে লাল কার্ড দেখেছেন। অবশ্য ৬ লাল কার্ডেও বিশ্ব রেকর্ডের ধারেকাছে যেতে পারেনি এই ম্যাচ। আর্জেন্টিনার এক ক্লাব ম্যাচে একবার ৩৬টি লাল কার্ড দেখানো হয়েছিল! এএফপি।