৬০ লাখ ইউরোয় শান্তি কিনছে রিয়াল!

থিও হার্নান্দেজ রিয়াল মাদ্রিদে আসছেন, বছরের শুরু থেকেই এমন একটা গুঞ্জন বাতাসে ভাসছে। বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যম একটু আগে জানিয়েছে, দলবদলের কাজটা প্রায় সেরেই নিয়েছে রিয়াল। মজার ব্যাপার, এ দলবদলে যেন অ্যাটলেটিকোর সঙ্গে সম্পর্ক খারাপ না হয়, সে জন্য বাড়তি ৬০ লাখ ইউরো খরচ করছে রিয়াল!
ফ্রেঞ্চ লেফট ব্যাক এ মৌসুমে খেলছেন আলাভেসের হয়ে। অ্যাটলেটিকো থেকে ধারে যাওয়া এই ফুল ব্যাকের খেলা দেখে গুণমুগ্ধ ইউরোপের বড় বড় অনেক ক্লাব। তবে থিওর নিজের পছন্দ ও রিয়ালের আগ্রহ দুই মিলে যাওয়ায় জিদানের দলেই যাচ্ছেন তিনি। ঝামেলাটা এখানেই। মাদ্রিদের দুই ক্লাবের মধ্যে অলিখিত একটি চুক্তি আছে, দুই দল একে অপরের খেলোয়াড়কে দলে টানা চেষ্টা কখনো করবে না। এ জন্যই সার্জিও আগুয়েরো কিংবা ফার্নান্দো তোরেসের মতো দুর্দান্ত সব ফরোয়ার্ডকেও কখনো কেনার চেষ্টা করেনি রিয়াল। গত মৌসুমেও জুভেন্টাসে খেলা মোরাতাকে কেনার প্রস্তাব আগে রিয়ালকে নিজেদের ইচ্ছার কথা জানাতে হয়েছে অ্যাটলেটিকোর।
তবে, এ মৌসুমে রক্ষণের বাঁ প্রান্তটা চিন্তায় ফেলে দিয়েছে ‘লস ব্লাঙ্কো’দের। এক মার্সেলো ছাড়া ভরসা রাখার মতো কোনো লেফট ব্যাক নেই দলে। সে জন্যই থিওকে দলে টানার চেষ্টা রিয়ালের। তাঁর রিলিজ ক্লজ ২৪ মিলিয়ন ইউরো, অর্থাৎ এ অর্থ দিয়ে দিলে অ্যাটলেটিকোর অনিচ্ছা সত্ত্বেও থিওকে দলে টানতে পারবে নগর প্রতিদ্বন্দ্বীরা। বর্তমান বেতন চার গুণ বাড়ানোর লোভ দেখিয়েও থিওকে ক্লাবে রাখতে পারছে না অ্যাটলেটিকো। এমনকি থিওর ভাই লুকাসের সঙ্গে নতুন চুক্তি করেও একটা টোপ ফেলেছে তারা। তাতেও কাজ না হওয়ায়, বিকল্প পথ ধরে অ্যাটলেটিকো। বার্সেলোনা, লিভারপুলসহ বেশ কয়েকটি ক্লাবকে প্রস্তাব দেওয়া হয় থিও হার্নান্দেজকে কিনে নেওয়ার।
কিন্তু বার্নাব্যুতে খেলার স্বপ্নে বিভুর থিওকে রাজি করানো যায়নি এসব ক্লাবের নাম বলেও। মার্কা ও এএসের মতো পত্রিকাগুলো জানিয়েছে, রিয়ালের সঙ্গে মেডিকেল পরীক্ষাও সেরে নিয়েছেন থিও। এরপরই জানা গেছে, থিওর দলবদলে দুই মাদ্রিদ একমত হয়েছে। রিয়ালের কাছে ৩০ মিলিয়ন ইউরো দাম চেয়েছে অ্যাটলেটিকো। রিয়ালের এ প্রস্তাবে রাজি হওয়ার কোনো কারণ ছিল না। কারণ ২৪ মিলিয়ন ইউরোতেই কোনো আলোচনা ছাড়া দলে টানা যাবে এই ডিফেন্ডারকে। কিন্তু অ্যাটলেটিকোর সঙ্গে এত দিনের সদ্ভাব ঠিক রাখতে সেটাতেই রাজি হয়ে গেছে রিয়াল কর্তৃপক্ষ। অর্থাৎ, শুধু নগর প্রতিদ্বন্দ্বীদের খুশি রাখতেই বাড়তি ৬০ লাখ ইউরো দিচ্ছে রিয়াল।
তবে দলবদল-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পরই নেওয়া হবে। আর মৌসুমও তো শেষ হয়নি এখনো। লিগের দুই ম্যাচ ছাড়াও কোপা ডেল রেতে বার্সেলোনার বিপক্ষে খেলবেন থিও। এবার বড় বড় সব দলকে টপকে ফাইনালে যে উঠেছে এবারের চমক আলাভেস। সূত্র: এএফপি, মার্কা, এএস।