৬৩ মিনিট খেলেই ট্রেবল জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারমালেনের গলায় চ্যাম্পিয়নস লিগের মেডেল পরিয়ে দিচ্ছেন প্লাতিনি
ভারমালেনের গলায় চ্যাম্পিয়নস লিগের মেডেল পরিয়ে দিচ্ছেন প্লাতিনি

জিততে জিততেও একদম নিশ্বাস দূরত্ব থেকে ফিরে গেলেন জিজি বুফন। চ্যাম্পিয়নস লিগটা জেতা হলে ক্যারিয়ারে আজন্ম আক্ষেপটা ঘুচত। জিততেন ট্রেবলও। বুফনই জানেন, কাজটা কত কঠিন! কঠিন? শুনলে হেসে দেবেন টমাস ভারমালেন। ট্রেবল জিততে তাঁর যে লেগেছে মাত্র ৬৩ মিনিট!
ইউরোপের ক্লাব ফুটবল ইতিহাসে ট্রেবল জয়ের অবিশ্বাস্য কীর্তি আছে মাত্র সাত ক্লাবের। এর মধ্যে বার্সেলোনা জিতেছে দুবার। সেই দুবারই ট্রেবল জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। কিন্তু মেসিকে জিজ্ঞেস করে দেখুন, কতটা ঘাম ঝরাতে হয়েছে তাঁকে। খেলতে হয়েছে ৪৮২টি ম্যাচ। মেসির চেয়েও ঘাম ঝরিয়েছেন জাভি আর ইনিয়েস্তা। দুবার ট্রেবল জিততে ৭৬৭টি ম্যাচ খেলেছেন জাভি, ইনিয়েস্তা ৫৪৯টি ম্যাচ।
আর ভারমালেন? মাত্র এক ম্যাচ খেলেই জিতেছেন ট্রেবল। এক ম্যাচ? পুরো ৯০ মিনিটও খেলতে হয়নি। খেলেছেন মাত্র ৬৩ মিনিট। তাতেই তাঁর ক্যারিয়ারে নামের পাশে লেখা হয়েছে ট্রেবল। স্প্যানিশ লিগ, স্প্যানিশ কাপ আর চ্যাম্পিয়নস লিগের শিরোপাত্রয়ী!
ভ্রু কুঁচকে ফেললেন? বার্সার অফিশিয়াল ওয়েবসাইটে যান। দেখবেন স্কোয়াডে লিগ, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ কাপ—তিনটি শিরোপা জ্বল জ্বল করছে ২৩ নম্বর জার্সিধারী ভারমালেনের অর্জনের তালিকায়। অথচ পুরো মৌসুমে খেলার সুযোগই পেয়েছেন মাত্র একটি ম্যাচ। তাও সেটি লিগের একদম শেষ ম্যাচটি। ২৩ মে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে। ৬৩ মিনিট ছিলেন মাঠে। এর পর তুলে আনা হয় তাঁকে।
গত বছর ৯ আগস্ট আর্সেনালের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে দেড় কোটি ইউরোতে নাম লিখিয়েছিলেন বার্সায়। নাম লিখিয়েই দলের বাইরে। হ্যামস্ট্রিং চোটটা ভুগিয়েছে মৌসুমের শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত। গত ডিসেম্বরে অস্ত্রোপচারও করাতে হয়। চার থেকে ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যান। ছয় মাস কাটাতে হলে তো এবার বার্সায় খেলাই হতো না। ততক্ষণে যে মৌসুমই শেষ হয়ে যেত।
আর কী কপাল! একদম লিগের শেষ ম্যাচের আগে পুরো ফিট হয়ে উঠলেন। বার্সার হয়ে অভিষেকও হলো! আর সেই অভিষেকেই এক মৌসুমেই তিন ট্রফি! অথচ বেলজিয়ান এই সেন্টার ব্যাক আর্সেনালে পাঁচ বছরে মোটে জিতেছিলেন একটা এফএ কাপ!
চ্যাম্পিয়নস লিগ খেলেননি। খেলা হয়নি স্প্যানিশ কাপেও। তবে মৌসুমের শুরুতে ২৫ জনের যে স্কোয়াড ঘোষণা করা হয়, তাদের প্রত্যেকেই শিরোপার কৃতিত্ব দেওয়া হয়েছে। ভারমালেনের পর সবচেয়ে ভাগ্যবান খেলোয়াড়টির নাম ইয়োর্দি মাসিপ। মাত্র দুটো ম্যাচ খেলেই ট্রেবল জিতেছেন এই বদলি গোলরক্ষক। তবে মাসিপ খোঁটা দিতেই পারেন ভারমালেনকে, আমি তো তবু ১৮০ মিনিট খেটেছি, আর তুমি?
তবে এ দিকে আবার নতুন খবর শোনা যাচ্ছে। ভারমালেনকে নাকি মেডেলটা ফেরত দিতে বলেছে উয়েফা! কারণ এক মিনিটও খেলেননি, ফাউ মেডেল কেন পাবেন? খবরটি এখনো নিশ্চিত করা যায়নি। তবে মার্কাও বলছে, শুধু ভারমালেন নয়, ক্লদিও ব্রাভো, ডগলাস আর মাসিপকেও ফেরত দিতে বলা হয়েছে তাঁদের মেডেল। খবরটা সত্যি হলে ভারমালেনের মনটা নিশ্চয়ই খারাপ হয়ে যাবে।
ও দিকে বার্সা কিন্তু বড় বাঁচা বেঁচে গেছে। আর্সেনালের সঙ্গে তাদের চুক্তির শর্ত ছিল, ভারমালেন চ্যাম্পিয়নস লিগ জিতলে ৩০ লাখ পাউন্ড বোনাস ইংলিশ ক্লাবটিকে দিতে হবে। যেহেতু ভারমালেন এক মিনিটও খেলেননি চ্যাম্পিয়নস লিগে, বার্সা বেঁচে যাচ্ছে শর্তের ফাঁক গলে।