
দরকার ছিল ৩ গোল। গঞ্জালো হিগুয়েইন ঠিক ওই ৩ গোলই করলেন। আর তাতেই ভেঙে গেল ৬৬ বছরের পুরোনো একটা রেকর্ড। সিরি ‘আ’তে এক মৌসুমে সবচেয়ে বেশি ৩৬ গোলের রেকর্ড এখন এই আর্জেন্টাইন স্ট্রাইকারের।
১৯৪৯-৫০ মৌসুমে এসি মিলানের গুনার নরডাল করেছিলেন ৩৫টি গোল। সুইডিশ স্ট্রাইকারের সেই রেকর্ড এত দিন ছিল অক্ষত। গত ৫৫ বছরে এক মৌসুমে ৩০টির বেশি গোল করতে পেরেছেন শুধু লুকা টনি। হিগুয়েইন এবার সবাইকে ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন। লিগে তিন ম্যাচ নিষিদ্ধ না হলে হয়তো লুইস সুয়ারেজকে ছাড়িয়ে ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়েরও একটা সম্ভাবনা থাকত তাঁর।
নাপোলির শিরোপা সম্ভাবনা অবশ্য আগেই শেষ হয়ে গিয়েছিল। পরশু ফ্রজিনোনের বিপক্ষে ৪-০ গোলের জয়টা শুধু দুইয়ে থেকে নাপোলির সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলাটাই নিশ্চিত করেছে। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে হিগুয়েইনের প্রধান প্রতিদ্বন্দ্বী তাঁরই স্বদেশি স্ট্রাইকার জুভেন্টাসের পাওলো দিবালার গোল মাত্র ১৯টি! এএফপি।