৬৮ বছর আগে ফেরালেন দিবালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
গোলের পর দিবালার চিরাচরিত উদযাপন। ছবি: এএফপি
গোলের পর দিবালার চিরাচরিত উদযাপন। ছবি: এএফপি
• সিরি আ-তে বেনেভেন্তোকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস
• হ্যাটট্রিক করেছেন জুভেন্টাস তারকা পাওলো দিবালা
• এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে তৃতীয় হ্যাটট্রিক করলেন দিবালা


চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন পাওলো দিবালা। তাঁর দল জুভেন্টাসও হেরেছিল বাজেভাবে (৩-০)। ক্ষোভটা হয়তো জমিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। গতকাল রাতে সেই রাগটা ঝাড়লেন বেনেভেন্তোর জালে হ্যাটট্রিক করে!
সিরি আ-র এক মৌসুমে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে তিনটি হ্যাটট্রিক করলেন দিবালা। জেনোয়া ও সাসুউলোর মাঠে দুটি হ্যাটট্রিক তুলে নেওয়ার পর তৃতীয়টির দেখা পেলেন বেনেভেন্তোর মাঠে। সিরি আ-তে আজ পর্যন্ত দুজন খেলোয়াড় এক মৌসুমে প্রতিপক্ষের মাঠে তিনটি হ্যাটট্রিক করেছেন। ১৯৪৯-৫০ মৌসুমে প্রথম এই মাইলফলক গড়েছিলেন জুভেন্টাসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা জিয়ামপিয়েরো বোনিপের্তি। প্রায় ৬৮ বছর পর বোনিপের্তির সেই মাইলফলক ছুঁলেন দিবালা।
জুভেন্টাস সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষস্থানীয় দল। বেনেভেন্তো ঠিক তার উল্টো অবস্থানে, তালিকার তলানিতে। এমন দুটি দলের লড়াইয়ে ফলটা তাই আগেই অনুমেয়। ঘটেছেও ঠিক তাই। বেনেভেন্তোকে ৪-২ গোলে হারিয়ে টানা সপ্তম লিগ শিরোপা জয়ের সুবাস পাচ্ছে ‘তুরিনের ওল্ড লেডি’রা। ৩১ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। তাঁদের থেকে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় ন্যাপোলি।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই জুভেন্টাসকে ২-১ গোলে এগিয়ে দেন দিবালা। ১৬ মিনিট বাঁকানো শটে প্রথম গোলটি করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন জুভেন্টাসের এই অ্যাটাকিং মিডফিল্ডার। ৫১ মিনিটে বেনেভেন্তো সমতায় ফিরলেও এরপর আরও দুই গোল করেন দিবালা ও ডগলাস কস্তা।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে বুধবার রিয়াল মাদ্রিদের মাঠে নামবে জুভেন্টাস। প্রথম লেগে লাল কার্ড দেখায় এ ম্যাচটি খেলতে পারবেন না দিবালা।