৭-এর রেকর্ড গড়ে বায়ার্নকে বাঁচালেন লেভা

গোলের পর সতীর্থদের সঙ্গে উদযাপন লেভানডফস্কিরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভানডফস্কি। রেকর্ড!

ইউরোপিয়ান ফুটবলের অনুসারী মাত্রই দুই-তিন মৌসুম ধরে শব্দগুলোকে একই বাক্যে দেখে অভ্যস্ত। জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু হয়েছে গতকাল, প্রথম দিনে মাঠে নেমেছে বায়ার্ন মিউনিখ। সেখানে গোল করেছেন ‘লেভা’ এবং তাতেই আরেকটা রেকর্ড।

বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। তাতে দলকে তো বাঁচালেনই, পাশাপাশি লেভানডফস্কির রেকর্ড হলো এই, এ নিয়ে টানা সাত মৌসুমে লিগে নিজের ক্লাবের প্রথম ম্যাচেই গোল করলেন ৩২ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার, বুন্দেসলিগার ইতিহাসে যে কীর্তি আর কারও নেই!

লেভার রেকর্ডে একটা অপ্রত্যাশিত ধাক্কার হাত থেকেও বাঁচল বায়ার্ন। ১০ মিনিটে ফরাসি স্ট্রাইকার আলেসান প্লিয়ার গোলে যখন এগিয়ে যায় গ্লাডবাখ, ফুটবলের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট অপ্টা জানাল, গত দশ বছরে এই প্রথম লিগের প্রথম ম্যাচে আগে গোল খেল বায়ার্ন। দশ বছর আগের সে ম্যাচও ছিল গ্লাডবাখের বিপক্ষে, সেবার ১-০ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন।

কিন্তু সেবার তো লেভা ছিলেন না বায়ার্নে! ফিফার বর্ষসেরা পুরস্কারের গত মৌসুমের বিজয়ীর বুঝি তাই অহমে লাগল! বিরতির ঠিক আগে গোল করে দলকে সমতায় ফেরালেন গত মৌসুমে বুন্দেসলিগার রেকর্ড ৪১ গোল করা লেভানডফস্কি।

বরুসিয়া মনশেনগ্লাডবাখের জালে গোল করছেন লেভানডফস্কি
ছবি: এএফপি

দ্বিতীয়ার্ধে দুই দলই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু একদিকে লেভার শট দারুণভাবে ঠেকিয়ে দিলেন ইউরোতে সুইজারল্যান্ডের জার্সিতে আলো ছড়ানো গ্লাডবাখ গোলকিপার ইয়ান সমার, অন্যদিকে গ্লাডবাখ ফরোয়ার্ড ও সাবেক ফরাসি তারকা লিলিয়ান থুরামের ছেলে মার্কাস থুরামের পরিষ্কার পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি।

তার আগেই অবশ্য এর চেয়ে সহজ সুযোগও কাজে লাগাতে ব্যর্থ থুরাম। ফাঁকা পোস্টে বলে শুধু পা ছোঁয়াতে পারলেই গোল পেয়ে যেতেন, ম্যাচের যখন আর মিনিট দশেক বাকি ছিল।

সুযোগ হারিয়ে জিততে না পারায় তাই হতাশ লেভানডফস্কি, ম্যাচ শেষে বললেন, ‘আমাদের ফুটবলটা নিখুঁত ছিল না। অনেক ভুল করেছি আমরা। তবে এটা তো প্রথম ম্যাচই, সেটা শেষ। এখন আমরা সামনের দিকে তাকাতে পারি।’

গ্লাডবাখ অধিনায়ক লার্স স্টিন্ডলের কণ্ঠে দলের গোলকিপার সমানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্সের প্রশংসার পাশাপাশি উচ্ছ্বাস ঝরল প্রথম ১৫-২০ মিনিটে দলের খেলা নিয়েও, ‘প্রথম ১৫ মিনিটে আমাদের ফুটবলে ছিল আতশবাজির উচ্ছ্বাস।’

এই ড্রয়ে কিছুটা চাপে পড়ে গেলেন বায়ার্নের নতুন কোচ ইউলিয়ান নাগলসমান। বায়ার্নকে টানা দশম লিগ জেতানোর চ্যালেঞ্জ জার্মানির দারুণ প্রতিভাবান তরুণ এই কোচের, তাতে প্রথম ম্যাচে ড্র করেই এমন ক্ষতিবৃদ্ধি হয়ে যায়নি। কিন্তু নাগলসমানকে চাপে ফেলছে মৌসুম শুরুর আগের ম্যাচগুলোও।

আর বি লাইপজিগ ছেড়ে এই মৌসুমেই বায়ার্নে গেছেন নাগলসমান, কিন্তু প্রাক-মৌসুমে চার ম্যাচের পর লিগের প্রথম ম্যাচ মিলিয়েও তাঁর অধীনে এখনো জয়ের দেখা পেল না বায়ার্ন! প্রাক-মৌসুমে চার ম্যাচের তিনটিতেই দলকে হারতে দেখেছেন ৩৪ বছর বয়সী নাগলসমান। ‘এক পয়েন্ট নিয়েই তৃপ্ত থাকতে হবে আমাদের। দুই দলই সুযোগ পেয়েছে, সমর্থকদের জন্যও ম্যাচটা মাথা খারাপ করে দেওয়া ছিল। কোচদের জন্যও সহজ ছিল না’—ম্যাচ শেষে নাগলসমানের স্বীকারোক্তি।

ইংল্যান্ড-স্পেনের মতো জার্মানির শীর্ষ লিগও কালই শুরু হয়েছে, অন্য দুই দেশের মতো জার্মানিও করোনাকালে গ্যালারিতে দর্শক ফিরতে দেখেছে। গ্লাডবাখের বরুসিয়া পার্কের গ্যালারির পুরোটাতে অবশ্য দর্শক ঢুকতে দেওয়া হয়নি, চার ভাগের তিন ভাগ ছিল পূর্ণ।