৭ নাকি ২৮, ইউনাইটেডে রোনালদোর জার্সি নম্বর কত হবে?

রোনালদো ইউনাইটেডে ফিরেছেনছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো। ৭। সিআরসেভেন।

রোনালদো মানে তো ৭ নম্বর জার্সিই! পর্তুগিজ এই ফরোয়ার্ড সত্যিকারের তারকা হয়ে ওঠার পর থেকে শুধু ২০০৯-১০ মৌসুম ছাড়া কখনো ৭ নম্বর জার্সির বাইরে কিছু পরেননি। না পর্তুগাল জাতীয় দলে, না ক্লাবে। কিন্তু গতকাল মহানাটকীয়তা শেষে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা রোনালদো এবার ইউনাইটেডে কোন জার্সি পরবেন?

৭ নম্বর জার্সিই পাবেন? নাকি অন্য কোনো জার্সি পরতে হবে ৩৬ বছরের এই পর্তুগিজ মহাতারকাকে? লিগের নিয়মকে উল্লেখ করে ম্যানচেস্টার শহরের পত্রিকা ম্যানচেস্টার ইভনিং নিউজ জানাচ্ছে, আরও নাটকীয় কিছু না ঘটলে অন্তত এই মৌসুমে ইউনাইটেডে ৭ নম্বর জার্সিটা পাচ্ছেন না রোনালদো।

কারণ, ইউনাইটেডে ৭ নম্বর জার্সিটা এরই মধ্যে অন্য কারও দখলে—এদিনসন কাভানি! উরুগুয়ের ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকারের সঙ্গে মাস দুয়েক আগেই এক বছরের চুক্তি নবায়ন করেছে ইউনাইটেড। তখন তো আর রোনালদোর জুভেন্টাস ছাড়তে চাওয়া নিয়ে এত আলোচনা ছিল না, ইউনাইটেডের পক্ষেও তাই রোনালদো আসবেন ভেবে ৭ নম্বর জার্সি খালি রাখার সুযোগ ছিল না।

ক্রিস্টিয়ানো রোনালদো ইউনাইটেডে আগে ৭ নম্বর জার্সিই পরেছেন
ফাইল ছবি: এএফপি

এর মধ্যে অনেক জল গড়িয়েছে। লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেছেন, কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে। মেসি পিএসজিতে যাওয়ার পর থেকেই রোনালদোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জন মূলত বেশি আলোচনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত জুভেন্টাস ছেড়েছেন এই পর্তুগিজ তারকা।

দলবদলের মৌসুমের শেষ দিকে এসে তাঁর পিএসজিতে যাওয়া কিংবা রিয়াল মাদ্রিদে ফেরার চেষ্টা সফল হয়নি ঠিকই, কিন্তু তাঁকে নিয়ে নাটকও কম হয়নি। আগের দুদিনে রোনালদোর ম্যানসিটিতে যাওয়ার গুঞ্জনের পর হঠাৎ করে নাটকে ১৮০ ডিগ্রি বদলে রোনালদো ফিরে এসেছেন ‘ঘরে’—ম্যান ইউনাইটেডে।

ফিরে তো এলেন, কিন্তু ২০০৯ সালে ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে যে ৭ নম্বর জার্সিতে আলো ছড়িয়ে রোনালদোর প্রথম তারকা বনে যাওয়া, ইউনাইটেডের সেই কিংবদন্তিতুল্য ৭ নম্বর জার্সিটা কি ফিরে পাবেন রোনালদো? কাল হঠাৎ রোনালদোর ম্যান ইউনাইটেডে ফেরার গুঞ্জনের মধ্যে এই বিষয়ও বেশ আলোচনার খোরাক জুগিয়েছে।

ম্যানচেস্টার ইভনিং নিউজ জানাচ্ছে, প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী মৌসুম শুরুর আগেই একটা ক্লাবকে তার খেলোয়াড়দের জার্সি নম্বর নির্ধারণ করে দিতে হয়। মৌসুম শুরু হয়ে যাওয়ার পর কোনো খেলোয়াড় ক্লাব ছেড়ে না গেলে তাঁর জার্সি নম্বর অন্য কোনো খেলোয়াড়কে দেওয়া যায় না। সে ক্ষেত্রে কাভানি ৩১ আগস্ট দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে ইউনাইটেড ছেড়ে না গেলে রোনালদোর ৭ নম্বর জার্সি পাওয়ার সুযোগ নেই।

জুভেন্টাসে ৭ নম্বর জার্সিই পরতেন রোনালদো
ছবি: এএফপি

একেবারেই যে নেই, তা-ও নয়। কিন্তু তেমন কিছু হতে গেলে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন লাগবে। কিন্তু সে অনুমোদন কতটা বিশেষ, সেটি বুঝতে পারবেন যখন শুনবেন, এর আগে কখনো এমন অনুমোদন কারও ক্ষেত্রে করেনি প্রিমিয়ার লিগ!

কাভানি চাইলেই ৭ নম্বর জার্সিটা রোনালদোকে নিয়ে অন্য কোনো জার্সি তিনি পরতে পারবেন, এমন তথ্য গতকাল থেকে অনেক জায়গায় শোনা গেছে। কিন্তু তথ্যটা ভুল বলে জানাচ্ছেন ইএসপিএনের সাংবাদিক ডেল জনসন। টুইটে লিখেছেন, ‘প্রিমিয়ার লিগে নিয়মের এম.৫ ধারা পরিষ্কারভাবে বলছে, কাভানিকেই পুরো মৌসুম ৭ নম্বর জার্সি পরতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদো ৭ নম্বর জার্সি চাইলে সেটি করার একমাত্র উপায়, কাভানিকে ক্লাব ছাড়তে হবে।’

স্পেনে খেলোয়াড় চাইলে জার্সি নম্বর অদলবদল করতে পারেন, কিন্তু স্পেনের সঙ্গে ইংল্যান্ডের নিয়মের পার্থক্য আছে বলেও জানিয়েছেন ডেল জনসন, ‘স্পেনের সঙ্গে এখানে পার্থক্য আছে। স্পেনে স্কোয়াড নম্বর আগস্ট শেষ হওয়ার আগে চূড়ান্ত হয় না। খেলোয়াড়েরা এর মধ্যে তাই জার্সি নম্বর অদলবদল করতে পারেন। কিন্তু প্রিমিয়ার লিগে দলগুলোকে মৌসুম শুরুর আগেই জার্সি নম্বরসহ স্কোয়াড জমা দিতে হয়, এরপর একটা জার্সির নম্বর অন্য কেউ নিতে পারে, কেবল ওই জার্সি নম্বরের খেলোয়াড় ক্লাব ছেড়ে গেলে।’

রিয়ালে প্রথম মৌসুমে ৯ নম্বর জার্সি পরেছিলেন রোনালদো
ছবি: সংগৃহীত

তবে এ নিয়ম শুধু লিগে প্রযোজ্য। রোনালদো চাইলে চ্যাম্পিয়নস লিগে তিনি ৭ নম্বর জার্সি পরতে পারবেন। এমনটা আগেও হয়েছে জানিয়ে উদাহরণও দিয়েছেন ডেল জনসন, ‘১৯৯৮-৯৯ মৌসুমে ওয়েস ব্রাউন চ্যাম্পিয়নস লিগে ৩০ নম্বর জার্সি পরেছিলেন, লিগে পরেছিলেন ২৪ নম্বর। ২০১৭-১৮ মৌসুমে হেনরিখ মেখিতারিয়ান লিগে ৭ নম্বর জার্সি পরেছিলেন, উয়েফা ইউরোপা লিগে ৭৭ নম্বর।’

তবে রোনালদোর মতো খেলোয়াড়ের তেমন কিছু করার সম্ভাবনা কম! রোনালদো নামটাই যে একটা ব্র্যান্ড!

তা কাভানি তিন দিনের মধ্যে ইউনাইটেড না ছাড়লে, ইউনাইটেডে রোনালদো কত নম্বর জার্সি পেতে পারেন? ৩০-এর পরের জার্সি সাধারণত তরুণদের দেওয়া হয়, অত বেশি নম্বর লেখা জার্সি রোনালদো পরবেন না নিশ্চিত। ৩০-এর আগে জার্সিগুলোর মধ্যে ইউনাইটেডে এই মুহূর্তে ১২, ১৫, ২৪ ও ২৮ নম্বর জার্সি খালি আছে।

ইউনাইটেডে যাওয়ার আগে তরুণ রোনালদো স্পোর্তিং লিসবনে ২৮ নম্বর জার্সি পরতেন, সে ক্ষেত্রে ২৮ নম্বর জার্সিটা তাঁর জন্য আবেগের ব্যাপার হতে পারে বলে লিখেছে ম্যানচেস্টার ইভনিং নিউজ।

ইউনাইটেডে ২০০৩-০৪ মৌসুমেই রোনালদোর হাতে কিংবদন্তিতুল্য ৭ নম্বর জার্সি তুলে দেন ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এরপর ক্লাব ক্যারিয়ারে শুধু একবারই ৭ ভিন্ন অন্য কোনো জার্সি পরেছেন রোনালদো। সেটা ২০০৮-০৯ মৌসুমে, রিয়াল মাদ্রিদে। তখন রিয়ালের ৭ নম্বর জার্সিটা রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসের ছিল, সে কারণে রোনালদো রিয়ালে গিয়ে ৯ নম্বর জার্সি নেন। পরের মৌসুমেই অবশ্য রাউল ক্লাব ছেড়ে গেলে রোনালদো পান ৭ নম্বর জার্সি।