৭০ বছর আগের নজির স্মরণ করালেন তিনি

সানচেজের সঙ্গে হাত মেলাচ্ছেন জোড়া গোল করা লুকাকু। ছবি: টুইটার
সানচেজের সঙ্গে হাত মেলাচ্ছেন জোড়া গোল করা লুকাকু। ছবি: টুইটার

জেনোয়ার মাঠে কাল ৩-০ গোলের জয়ে নিজেদের কাজটা সেরেছে ইন্টার মিলান। কিন্তু তারপরেও কাজটা কঠিন, অনেক কঠিন। ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট। আজ সাম্পদোরিয়াকে হারালেই লিগ জয় নিশ্চিত হবে জুভদের। ইন্টার লিগ জিতবে তবেই, যদি জুভেন্টাস বাকি তিন ম্যাচ হারে। যদিও সেটি খুব বাস্তবসম্মত প্রত্যাশা নয়। কিন্তু স্বপ্ন দেখতে দোষ কি? শেষ পাঁচ ম্যাচের মধ্যে জুভেন্টাসের জয় মাত্র একটি।

ইন্টারের হয়ে জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু। অন্য গোলটি অ্যালেক্সিস সানচেজের। ৩৪ মিনিটে ক্রিস্টিয়ানো বিরাজ্জির ক্রস থেকে গোল করেন বেলজিয়ান তারকা। যোগ করা সময়ে করেছেন আরও এক গোল। ইতালির শীর্ষস্থানীয় লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে ১৫ গোল করলেন লুকাকু। গত ৭০ বছরের মধ্যে লুকাকু-ই ইন্টারের প্রথম খেলোয়াড় যিনি লিগে প্রতিপক্ষের মাঠে এত গোল করলেন। এর আ্গে ১৯৫০ সালে ইন্টারের হয়ে প্রতিপক্ষের মাঠে স্টেফানো নায়ার্সের গড়া গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন লুকাকু।

করোনা মহামারির জন্য প্রায় তিন মাস স্থগিত ছিল ইতালিয়ান সিরি ‘আ’। খেলা মাঠে ফেরার পর থেকেই দারুণ ফর্মে আছেন লুকাকু। জুনের মাঝামাঝি থেকে ৯ ম্যাচে ৬ গোল করেছেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে তাঁর গোলসংখ্যা ২৯। এর মধ্যে সিরি ‘আ’ তে করেছেন ২৩ গোল।

লিগে টানা ৬ ম্যাচ অপরাজিত থাকা ইন্টারের হাতে আছে আর ২ ম্যাচ। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও দলের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না লুকাকু, ‘ব্যক্তিগতভাবে আমি খুশি। কিন্তু একটা দল হিসেবে আরও অনেক ভালো করা যেত। আমাদের দলটা ভালো। তাই দুইয়ে থাকায় সন্তুষ্টির কিছু নেই। এখন আমরা সব ভালোভাবে শেষ করে ইউরোপা লিগে তাকাতে চাই। ইউরোপা লিগে ফেরার আগে নাপোলি ও আতালান্তার মুখোমুখি হবে ইন্টার।