ফুটবল ইতিহাসের বৃহত্তম শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢুস মারা এখন ‘শিল্প’! ফাইল ছবি
ঢুস মারা এখন ‘শিল্প’! ফাইল ছবি

রিপ ভ্যান উইঙ্কল টানা ২০ বছর ঘুমিয়ে ছিলেন। ঘুমিয়ে পড়ার সময় ছিল এক রকম সমাজ-রাজ্য। ঘুম থেকে উঠে দেখেন পাল্টে গেছে সব। চাইলে এমনই একটা ঘুম দিয়ে দিতে পারেন ইসমাইল গানদিউজ। বসে বসে মাছি নির্বংশ করার আর কী দরকার? অস্ট্রিয়ান এই ফুটবলারকে যে দেওয়া হয়েছে ৭০ ম্যাচের নিষেধাজ্ঞা! এত বড় শাস্তি ফুটবল ইতিহাসে এর আগে কেউ কখনো পেয়েছে কি না, কে জানে।

গানদিউজের অপরাধও নিশ্চয়ই বড়। ম্যাচ চলার সময় ঢুস মেরেছেন। বলতে পারেন, ফুটবল মাঠে ঢুস মারা—এ আর এমন কী। জিদান-মাতেরাজ্জি কাণ্ড তো রীতিমতো ভাস্কর্যে রূপান্তরিত হয়ে বিখ্যাত হয়ে আছে। তা বটে, মুহূর্তের রাগে হুঁশ হারিয়ে ঢুস মারা ফুটবলে একেবারেই বিরল কিছু নয়। তবে গানদিউজ ঢুসটা মেরেছেন খোদ রেফারিকেই! একেই বলে, পড়বি তো পড় মালির ঘাড়ে!

ঘটনা ঘটেছে অস্ট্রিয়ান ফুটবলের পঞ্চম বিভাগে। গত শনিবার। পশ্চিম অস্ট্রিয়ার টায়রলে এসকে রাম বনাম এপিজি ইন্সব্রুক ওয়েস্টের মধ্যে ম্যাচ চলছিল। ম্যাচের ৮৬ মিনিটে গানদিউজকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে খেপে গিয়ে তিনি ঢুস মেরে বসেন। সে সময় তাঁর দল ৩-২ গোলে পিছিয়ে। ঢুসটা মারাত্মকই ছিল। রেফারিকে দ্রুত হাসপাতালে নিতে হয়েছে। তাঁর ঠোঁট ফেটে গেছে। ম্যাচটাও আর শেষ হয়নি।

এরপর টায়রল ফুটবল সংস্থার ডিসিপ্লিনারি কমিটি আলোচনা করে ৭০ ম্যাচের জন্য নিষিদ্ধ করে গানদিউজকে। সংস্থার মুখপাত্র হর্স্ট শের্ল বলেছেন, ‘এর আগে কোনো ফুটবলার ৭০ ম্যাচে নিষিদ্ধ হয়েছিল বলে আমাদের জানা নেই। তবে অপরাধের মাত্রাটিও এত বেশি ছিল, সে অনুযায়ী শাস্তিটা ঠিকই আছে। সেই খেলোয়াড় বাদে এই সিদ্ধান্তে সবাই সম্মতও আছে।’
এর আগে বাভারিয়ায় এক খেলোয়াড়কে ৪৬ ম্যাচ পর্যন্ত জরিমানা করা হয়েছিল বলে জানিয়েছেন শের্ল। গানদিউজের ক্লাবও তাঁকে ২৫৭ ইউরো জরিমানা করেছে। অঙ্কটা কমই। তবে এই খেলোয়াড়ের কপাল ভালোই বলতে হবে। কারণ শের্লের কাছেই জানা গেল, তাঁদের নিয়মাবলিতে ১০৮ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রয়েছে! এএফপি।