৭০ সেকেন্ডে গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাশগঞ্জের খেলোয়াড়েরা ঠিকমতো দাঁড়ানোর সময়ও পাননি। মিডফিল্ডার মোহাম্মদ হেমু প্লেসিং করে চট্টগ্রাম আবাহনীকে এনে দিলেন দারুণ এক গোল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭০ সেকেন্ডে হওয়া এই গোলটি এবারের প্রিমিয়ার লিগে দ্রুততম, চলতি মৌসুমেও।
তবে চট্টগ্রাম আবাহনীকে হতাশায় ঠেলে ফেলিক্স ও রাসেল ২৪ মিনিটের মধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ফরাশগঞ্জকে। এ সময় বেশ উজ্জীবিত খেলছিল পুরোনো ঢাকার দলটি। কিন্তু অষ্টম প্রিমিয়ার লিগে প্রথম জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না ফরাশগঞ্জ। ৭০ মিনিটে ২-২ করে হানিফ একটি পয়েন্ট এনে দিয়েছেন চট্টগ্রাম আবাহনীকে। ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১১ দলের লিগে নয়ে চট্টগ্রাম আবাহনী। দশে থাকা ফরাশগঞ্জের পয়েন্ট ২।