৭১ বছরের রেকর্ড ভাঙলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

প্রথম গোলটা পেনাল্টি থেকে, ১৩ মিনিটে। ৬১ মিনিটে পরের গোলটা এসেছে ইসকোর পাস থেকে। হ্যাটট্রিক করারও সুযোগ পেয়েছিলেন, হয়নি। কিন্তু পরশু লেভান্তের বিপক্ষে এই জোড়া গোলই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গেল নতুন উচ্চতায়। লা লিগায় রিয়াল মাদ্রিদের ৮ ম্যাচ শেষে রোনালদোর গোল ১৫টি। লা লিগার ইতিহাসে মৌসুমের শুরুতে ৮ ম্যাচে তাঁর চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি। ১৯৪৩-৪৪ মৌসুমে রিয়াল ওভিয়েদোর হয়ে প্রথম ৮ ম্যাচে ১৪ গোল করেছিলেন এস্তেবান এচেভারিয়া। ৭১ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন রিয়ালের পর্তুগিজ স্ট্রাইকার। সেটাও আবার এচেভারিয়ার চেয়ে একটা ম্যাচ কম খেলে। লিগে রিয়াল ৮টি ম্যাচ খেললেও চোটের কারণে সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি রোনালদো।

এই ৭টি ম্যাচের মধ্যে এলচের সঙ্গে এক ম্যাচে একাই চারটি গোল করেছিলেন রোনালদো। হ্যাটট্রিক করেছেন দেপোর্তিভো লা করুনিয়া আর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও। এচেভেরিয়ার সেই স্বপ্নযাত্রা অবশ্য ক্রমেই মলিন হয়েছে। ওই মৌসুমে ২১ ম্যাচে করেছিলেন ২৫ গোল। 

ওভিয়েদোর হয়ে সেটি ছিল এচেভারিয়ার কেবল দ্বিতীয় মৌসুম। তাঁকে আনা হয়েছিল ক্লাবের কিংবদন্তি স্ট্রাইকার ইসিদরো লানগারার বিকল্প হিসেবে। আস্থার প্রতিদান দিতে খুব বেশি সময় নেননি। কিন্তু দুর্ভাগ্য তাঁর। পরের মৌসুম শুরুর আগেই এক গাড়ি দুর্ঘটনায় পড়ার পর আর কখনো ফুটবল খেলতে পারবেন কি না, এ নিয়েই সংশয় দেখা দেয়। সেই সংশয় উড়িয়ে দিয়ে বছর দুয়েক পর এচেভারিয়া শুধু ফেরেননি, ১৯৪৭ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওভিয়েদার ৭-১ গোলের ঐতিহাসিক জয়ে একাই ৫ গোলও করেছিলেন! মার্কা।