৭২৯৬ কিলোমিটার পাড়ি দিয়েও খেলা হচ্ছে না কিংসলির
এএফসি কাপ খেলতে গতকাল শুক্রবার দোহা হয়ে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছেছে বসুন্ধরা কিংস। ঢাকা থেকে দোহার দূরত্ব ৩ হাজার ৯২০ কিলোমিটার আর দোহা থেকে মালদ্বীপের দূরত্ব ৩ হাজার ৩৭৬ কিলোমিটার। মালদ্বীপে পৌঁছাতে সব মিলিয়ে বসুন্ধরাকে পাড়ি দিতে হয়েছে ৭ হাজার ২৯৬ কিলোমিটার।
এতটা পথ পাড়ি দিয়ে দ্বীপরাষ্ট্রে পৌঁছে মন খারাপ বসুন্ধরার স্ট্রাইকার এলিটা কিংসলির। নাইজেরিয়ায় জন্ম নেওয়া কিংসলি সেখানে গিয়ে জানতে পারেন, এএফসি কাপ খেলা হচ্ছে না তাঁর। কারণ, বাংলাদেশের নাগরিকত্ব পেলেও ফিফা ও এএফসি থেকে এখনো বাংলাদেশি ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার ছাড়পত্র পাননি এই স্ট্রাইকার।
মার্চে বাংলাদেশের নাগরিকত্ব পান কিংসলি। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে স্থানীয় ফুটবলার হিসেবে তাঁকে দলে ভেড়ায় বসুন্ধরা। এরই মধ্যে দলটির হয়ে ৩টি ম্যাচও খেলেছেন। কিন্তু বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে ফিফা ও এএফসির যে ছাড়পত্রের প্রয়োজন, সেটি পাওয়া যায়নি। কিংসলির অনুমতির ব্যাপারে কাজ করছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিভিন্ন চিঠি আদান–প্রদানের পর ফিফা সর্বশেষ কিংসলির গত পাঁচ বছরে বাংলাদেশে অবস্থান ও গমনাগমনের বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগের রিপোর্ট চায়।
এএফসি কাপে নাম নিবন্ধনের শেষ দিন ছিল ১১ আগস্ট। এএফসি বসুন্ধরাকে আশ্বস্ত করেছিল প্রথম ম্যাচের আগের দিন, অর্থাৎ ১৭ আগস্টের মধ্যে ফিফার অনুমতি পেলে এএফসি কাপে খেলতে পারবেন কিংসলি। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু এএফসির লিগ্যাল বিভাগ সেটি নাকচ করে দেয়। ১২ তারিখ মধ্যরাতে ঢাকা ছাড়ার আগে সন্ধ্যায় বসুন্ধরাকে সে সিদ্ধান্ত জানানো হয়। তবু কিংসলি যেন মানসিকভাবে ভেঙে না পড়েন, সে জন্য দলের সঙ্গে মালে নেওয়া হয় কিংসলিকে।
কিন্তু মালে পৌঁছে হতাশা লুকাতে পারছেন না কিংসলি। তিনি বলেন, ‘আমি খুবই হতাশ যে এএফসি কাপ খেলতে পারব না। বাফুফে আমার সঙ্গে অনেক আগে যোগাযোগ করেছিল। আমি যেহেতু নাইজেরিয়ার পাসপোর্ট জমা দিয়ে দিয়েছি, তাই আমি তাদের বলেছিলাম বিমানবন্দর থেকে তথ্যগুলো সংগ্রহ করতে হবে। এত দিন পরে এসে শুনলাম, সে কাজ সম্পন্ন হয়নি।’ ১৮ আগস্ট মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি কাপ মিশন শুরু করবে বসুন্ধরা।
ফিফার অনুমতির ওপরেই নির্ভর করছে বাংলাদেশের জার্সিতে কিংসলির খেলা। অনেকেই মনে করেন, কিংসলিই হতে পারেন জাতীয় দলের গোল সমস্যার আপাত সমাধান। অক্টোবরে অনুষ্ঠেয় সাফ ফুটবলে কিংসলি হতে পারতেন বাংলাদেশ দলের প্রাণভোমরা। কিন্তু বাফুফে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফিফার কাছে থেকে অনুমতি নিতে পারবে কি না, এ নিয়ে সন্দেহ জেগেছে।