৮ ফুটবলারকে ছাড়াই কাল থেকে খেলা
বছরের তিন মাস পেরোলেও নানা কারণে এখনো শুরু হয়নি নতুন ফুটবল মৌসুম। তার ওপর আট ফুটবলারকে নিজেদের দাবি করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হাইকোর্টে রিট করলে এ মৌসুমে আদৌ ফুটবল মাঠে গড়াবে কি না, সেই অনিশ্চয়তাও তৈরি হয়। তবে আপাতত সব এক পাশে রেখে আট ফুটবলারকে ছাড়াই সর্বশেষ ঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল থেকে স্বাধীনতা কাপ মাঠে গড়াবে। শেখ জামাল ছাড়া বাকি দলগুলো এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।
এবার মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে খেলার কথা ১২ দলের। তবে লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল খেলছে না। যদিও শোনা যাচ্ছিল, আট খেলোয়াড়ের ব্যাপারে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ নিজেদের পক্ষে যাওয়ায় স্বাধীনতা কাপে দলটি খেলতে পারে। কিন্তু ক্লাবের ফুটবল কমিটির প্রধান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেছেন, ‘হাইকোর্টের আদেশে ওই আট খেলোয়াড় আমাদেরই। কাজেই খেলোয়াড়দের আগে আমাদের কাছে ফেরত দিতে হবে। তারপর আমরা খেলব। খেলোয়াড় না পেলে আমরা খেলব কীভাবে?’
আট খেলোয়াড়কে ফেরত চেয়ে গতকালই চুন্নুর নেতৃত্বে বাফুফে ভবনে যায় শেখ জামালের একটি প্রতিনিধিদল। কিন্তু বাফুফে বলে দিয়েছে, আদালতে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত ওই খেলোয়াড়দের ব্যাপারে তারা কিছু করতে পারবে না।
এর আগে আট ফুটবলারের ব্যাপারে শেখ জামালের পক্ষে দেওয়া হাইকোর্টের অন্তর্বর্তী আদেশের স্থগিতাদেশ চেয়ে চেম্বার জজের কাছে আবেদন করে বাফুফে। কাল এর শুনানি শেষে চেম্বার জজ হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ স্থগিত করেননি। রোববার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছে বাফুফে। তাই সবার অপেক্ষা এখন রোববারের জন্য। শেখ জামালের হয়ে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন ইউসুফ হোসেন হুমায়ূন। বাফুফের পক্ষে ব্যারিস্টার ফজলে নূর তাপস।
উল্লেখ্য, শেখ জামালের দাবি করা আট খেলোয়াড়ের পাঁচজন কদিন আগে শেষ হওয়া দলবদলে নাম লিখিয়েছেন চট্টগ্রাম আবাহনীতে। তাঁরা হলেন জাতীয় দলের সদ্য সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, ডিফেন্ডার নাসির উদ্দিন, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও মিডফিল্ডার সোহেল রানা। আবাহনীতে গেছেন গোলরক্ষক সোহেল। শেখ রাসেলে নাম লিখিয়েছেন জামাল ভূঁইয়া ও আলমগীর রানা। আন্তর্জাতিক ফুটবলে ভরাডুবির পরও এই ব্যর্থ ফুটবলারদের নিয়ে ক্লাবগুলোর টানাটানি দেখে বিস্মিত দেশের ফুটবল অঙ্গন।