৮ ফুটবলারের ভাগ্য স্ট্যাটাস কমিটির হাতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ ৮ ফুটবলারকে ফেরত চেয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। আদালত আজ এক রায়ে বলেছেন, ৮ খেলোয়াড় কোথায় খেলবেন, তা নির্ধারণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। তবে আদালতের রায়ের কপি পাওয়ার দুই সপ্তাহের মধ্যেই কমিটিকে এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত এই ৮ ফুটবলার কোনো ক্লাবেই খেলতে পারবেন না। এর আগে ওই ৮ ফুটবলার শেখ জামাল ক্লাবে খেলবেন বলে আদালত যে অন্তবর্তী আদেশ দিয়েছিলেন তা প্রত্যাহার করা হয়েছে। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক-আল জলিলের হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার এই রায় ঘোষণা করা হয়।