৮ ম্যাচ শেষেও জয়শূন্য মোহামেডান!

প্রিমিয়ার লিগ শুরুর ৯ বছরেও এখনো শিরোপার স্বাদ পাওয়া হয়নি। এবারও লিগ শুরুর আগে মোহামেডানের চ্যাম্পিয়ন হওয়ার বাস্তবসম্মত আশা কেউ করেছিলেন বলে মনে হয় না। কিন্তু তা-ই বলে এমন অবস্থা হবে, সেটিও কি কার দূরতম কল্পনাতেও ছিল? অবস্থা না বলে, দুরবস্থা বলাই ভালো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আটটি ম্যাচ খেলে ফেলল মোহামেডান, এখনো একটা জয়ও নেই!
ফুটবলে আবাহনী-মোহামেডান নাম দুটি এখন আর আগের মতো উত্তেজনা ছড়ায় না, এটি চর্বিত চর্বন। গত কয়েক মৌসুম ধরে তরুণ ও অনভিজ্ঞদের নিয়েই দল গড়ছে মোহামেডান, সেটিও সবারই জানা। কিন্তু এবারের মতো এত বাজে শুরু সম্ভবত আর কখনো হয়নি। আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ৩-০ গোলে হেরে গিয়েছিল জোসিমউদ্দিন জোসির দল। আজ সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচেও আরামবাগের সঙ্গে করল গোলশূন্য ড্র। লিগে ৮ ম্যাচে এটি মোহামেডানের ষষ্ঠ ড্র, বাকি দুটিতে হেরেছে। ৬ পয়েন্ট নিয়ে ১২ দলের লিগে দশম সাদাকালোরা। ৮ পয়েন্ট নিয়ে আরামবাগ অষ্টম।
গোল তো হয়ইনি, ৯০ মিনিট জুড়ে ফুটবলটাও হলো অনেকটা ম্যাড়মেড়ে। দুই দলই গোল করার জন্য বলার মতো সুযোগ পেল খুবই কম। দু-একটি সুযোগ যা-ও সুযোগ মিলল, সেটি কাজে লাগাতে পারল না কোনো দল। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আরামবাগের জাফর ইকবাল পোস্টের ৮-১০ গজ দূর থেকেও বল মারলেন বারের ওপর দিয়ে। ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে সুযোগ পেয়েছিল মোহামেডানও, তবে ইসমাইল বাঙ্গুরার শট গিয়ে লাগে বারে। এর বাইরে দুদলেরই ম্যাচের গল্পটা প্রতিপক্ষের অর্ধে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলার।
এর আগে শেখ জামাল, ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনীর মতো কথিত বড় দলের বিপক্ষে ড্র করা আরামবাগের জন্য এমন ফল আনন্দের। তবে মোহামেডানের জন্য নিশ্চিতভাবেই আরও আক্ষেপ বাড়াবে। কে বলবে, এই দলটাই এক সময়ে ছিল বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রার অগ্রপথিক?