৮ ম্যাচ, ৩ কোচ, ১ জয়!

সাম্প্রতিককালে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আলোচনায় আসেই কোচ বদলের জন্য। ২০১৬-১৭ মৌসুমে এখন পর্যন্ত তিনজন কোচ বদল করেছে তারা। এখনো পর্যন্ত খেলা ৮ ম্যাচে জয় মাত্র ১টিতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ১-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয়টি তুলে নিয়েছে তারা। লিগেও এটি ব্রাদার্সের প্রথম জয়। ম্যাচের একমাত্র গোলটি করেন ওয়ালসন অগাস্টিন। লিগে এটি ব্রাদার্সের দ্বিতীয় গোলও।
ব্রাদার্সের তিন নম্বর কোচ হিসেবে দুদিন আগেই যোগ দিয়েছেন সার্বিয়ান নিকোলা ভিটোরোভিচ। মাত্র ২৭ বছর বয়সী এই কোচের অধীনেই মৌসুমে প্রথম জয় তুলল কমলা-বাহিনী। ৭১ মিনিটে নতুন কোচকে নিজের গোল দিয়েই বরণ করেছেন হাইতিয়ান স্ট্রাইকার ওয়ালসন। মাঝমাঠ থেকে মোহাম্মদ রনির থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গতি দিয়ে মুক্তিযোদ্ধার রক্ষণসেনাদের পেছনে ফেলে গোলটি করেন তিনি।
মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপের দুই ম্যাচে ব্রাদার্সের ডাগআউটে ছিলেন ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্য জুনিয়র। দুই ড্র ও এক হারে বিদায় ঘটে যায় সুব্রতর। প্রিমিয়ার লিগের আগে নিয়োগ দেওয়া হয় ইতালিয়ান কোচ জিওভানি স্কানুকে। কিন্তু এক মাস না যেতেই মায়ের অসুস্থতার কারণে তিনিও বিদায় নেন গোপীবাগের ক্লাব থেকে।
নতুন কোচ ভিটারোভিচও জানেন তিনি এই মৌসুমে ব্রাদার্সের তৃতীয় কোচ। কিন্তু ব্যাপারটা খুব আমলে নিতে চান না তিনি, ‘আমি শুনেছি ইতিমধ্যে দুজন কোচ বদল হয়েছে। আমি এ নিয়ে চিন্তিত নই। আমি দায়িত্বটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। প্রথম জয়টাও তুলে নিলাম আজ।’
এবারের মৌসুমে এক জয়ের বিপরীতে ব্রাদার্স হেরেছে তিনটি ম্যাচে। চারটি ম্যাচ ড্র হয়েছে। এর মধ্যে ফেডারেশন কাপে দুই ড্রয়ের বিপরীতে হার একটিতে। আর লিগে এক জয়, দুই ড্র ও দুই হার। ৫ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৫। লিগে তৃতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধার পয়েন্ট ৬।