৮ ম্যাচে হজম ৩২ গোল, এই তো এখন বাংলাদেশের ফুটবল!

বিশ্বকাপ বাছাইপর্বের আটটি ম্যাচই শেষ করল বাংলাদেশ ফুটবল দল। শেষটা হলো খুবই তিক্ত অভিজ্ঞতায়। জর্ডানের কাছে গতকাল ৮-০ গোলে হার বাংলাদেশের জন্য হয়ে এসেছে বড় এক মানসিক ধাক্কা। এমনিতে জর্ডানের কাছে হারই ছিল অনুমিত। কিন্তু ঢাকায় যে দলটির সঙ্গে ৪-০ গোলে হার, তাদের কাছেই ফিরতে ম্যাচে আট গোলে উড়ে যাওয়া বাংলাদেশের চূড়ান্ত পতন চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছে।
অথচ এবারের বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা খারাপ হয়নি। ঘরের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ১-১। কিরগিজদের কাছে ৩-১ গোলে হারলেও লড়াই করেছে দল। সেই দলই আস্তে আস্তে আরও ভেঙে পড়ে দেশের ফুটবলে তৈরি করেছে গভীর এক ক্ষত।
এর আগে আট গোলে জাপানের কাছে হার ছিল ১৯৯৩ বিশ্বকাপ বাছাই পর্বে। ১৯৭৫ মারদেকায় হংকংয়ের কাছে ৯-১ বা ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে তাদেরই মাঠে প্রেসিডেন্ট কাপে ৯-০ গোলে হার। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আন্তর্জাতিক ফুটবলে আট-নয় গোল খাওয়ার যুগটা যেন ফিরে এল! তাই প্রশ্ন আসছে, আট ম্যাচে ৩২ গোল হজম করে কোথায় যাচ্ছে আমাদের ফুটবল?
উত্তরটা খুবই সোজা। সংগঠকদের দলাদলি, পরিকল্পনার অভাব আর ফুটবলারদের চেষ্টার ঘাটতি দিনে দিনে সব আশাই শেষ করে দিচ্ছে। ফুটবল বিশ্লেষক গোলাম সারোয়ার টিপুও সেটিই মনে করেন। তবে আট গোল খাওয়ায় তিনি অবাক হন না। এক বাক্যেই বলে দেন—এটাই বাংলাদেশের সামর্থ্য!
জাতীয় দলের কোচ ছিলেন, ফুটবলারদের সম্পর্কে তাই তাঁর ভালোই জানা। সেই ফুটবলারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে টিপু বলছিলেন, ‘২০-৩০ বছর আগে আমরা যেখানে ছিলাম হয় সেখানেই আছি, নইতো আরও পিছিয়েছি।’ সাবেক এই ফুটবলারের সঙ্গে দ্বিমত করার কিছু নেই। এটাই আসলে বাস্তবতা।
অনেকেই অভিন্ন কণ্ঠে বলছেন, মেধাহীন একটা প্রজন্মের হাতে এখন বাংলাদেশের ফুটবল। আর এই ফুটবলারদের বেশির ভাগেরই খেলায় মন নেই। মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়ার মানসিকতায় গড়ে ওঠা ফুটবলার এখন খুবই কম। এসব কারণেই এখন জাতীয় দল গড়তেও হিমশিম খেতে হয়। তার ওপর শৃঙ্খলাভঙ্গ ও আরও কিছু কারণে দলের আট-নয়জন খেলোয়াড়ই নেই বর্তমান দলে। এসবেরই কুফল চূড়ান্ত ভরাডুবি।
সেই পতন দেখে টিপু দুঃখ করে বলেন, ‘অনেক খেলোয়াড় থাকলে দল গড়তে সুবিধা। পছন্দনীয় খেলোয়াড় বেছে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশের তো সেই সুযোগ এখন নেই। কুড়িয়ে কাঁচিয়ে খেলোয়াড় এনে তো ফুটবল হয় না। বলে লাথি মারতে পারলেই আমরা এখন জাতীয় দলে নিয়ে নিচ্ছি। তো এভাবে একটা দল দাঁড়াতে পারে না। মেধাবী ফুটবলার প্রয়োজন।’
তেমন ফুটবলার নেই বলেই মাঠের খেলায় ফুটবলের এই দৈন্য দশা। এবারের বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচে সাতটিতেই হার। একটি মাত্র ড্র। গড়ে চারটি করে মোট ৩২ গোল হজম। অ্যাওয়ে ম্যাচেই ২০ গোল। এর আগে ১৯৯৩ সালে এই বিশ্বকাপ বাছাই পর্বেই আট ম্যাচে বাংলাদেশ হজম করে ২৮ গোল। গোল খাওয়ার এই উদারতার পেছনে বাফুফে দায় এড়াতে পারে না। দল নিয়ে সঠিক পরিকল্পনায় এগিয়ে যাওয়া কোনো চিন্তা বাফুফের কাছ থেকে দেখা যায়নি। এক বছরেরও কম সময়ে চারজন কোচের হাতে তারা দিয়েছে জাতীয় দলের দায়িত্ব! জাতীয় দল নিয়ে বাফুফের কোনো সুদূরপ্রসারী চিন্তাভাবনা কোনো কালেই ছিল না, এখনো নেই।
যাঁর নেতৃত্বে ফুটবল এগিয়ে যাবে বলে আশা করা হয়েছিল, সেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আমলেও আট গোল হজম লজ্জা ছাড়া আর কী বলা যায়! কিন্তু কেন এই ভরাডুবি? এই প্রশ্নে সালাউদ্দিন এককভাবে বাফুফের কাঁধে দায়িত্ব না নিয়ে দায়ী করছেন ফুটবলের সামগ্রিক কলুষিত পরিবেশকে। আট গোলের ধাক্কার প্রতিক্রিয়ায় আজ প্রথম আলোকে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইপর্ব আমরা তো ভালোভাবেই শুরু করেছিলাম। তাজিকিস্তান, কিরগিজস্তানের সঙ্গে ঢাকায় ভালো খেলেছে দল। তারপর থেকে ফুটবলের পরিবেশ খারাপ, ফেডারেশন ভবন ভাঙচুর হলো। নির্বাচন সামনে রেখে এখন ঘেরাও হচ্ছে। কিছু ক্লাব কর্মকর্তা ফুটবল বিরোধী কর্মকাণ্ড করছে। আমার বাড়ি (বাফুফে) আক্রান্ত হলে স্বাভাবিকভাবেই আমার মনোযোগে ব্যাঘাত ঘটবে। তাই দলের প্রতি আমাদের মনোযোগের অভাব ছিল। সব মিলিয়েই এই ফল।’
দলবদল কখন, কখন টাকা ভরবে পকেটে—ফুটবলারদের এই মানসিকতাও প্রভাব ফেলেছে মনে করেন সালাউদ্দিন। বিশ্বকাপ বাছাই পর্ব বা জাতীয় দল যে খেলোয়াড়দের কাছে মূল অগ্রাধিকার নয় সেটাও বলছেন বাফুফে সভাপতি, ‘খেলোয়াড়দের মাথায় ঘোরে কবে দলবদল হবে কবে টাকা পাবে। ওদের কাছে বিশ্বকাপ বাছাই পর্বটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না।’ কিন্তু এটা বলে পার পেতে পারে না বাফুফে। জাতীয় দল নিয়ে তাদের উদাসীনতা আর মনোযোগের অভাব সত্যিই পীড়াদায়ক। আরও বিস্ময়কর হলো, জাতীয় দল নিয়ে ফেডারেশনে কোনো গঠনমূলক আলোচনা হয়েছে বলেও শোনা যায়নি।
লক্ষ্যহীন যাত্রায় ফল তো এমন লজ্জাজনক হবেই!