৮০ মিটার দূর থেকে গোল!

৩০, ৩৫, ৪০ মিটার দূর থেকে গোল করতে প্রায়ই দেখা যায়। তাই বলে ৮০ মিটার দূর থেকে গোল! পরশু বুন্দেসলিগায় এ রকম অবিশ্বাস্য এক গোলই করেছেন পাডারবর্নের জার্মান স্ট্রাইকার মরিৎজ স্টপেলক্যাম্প। কেউ বলছেন ৮০ মিটার দূর থেকে, কেউ বলছেন ৮৩ মিটার বা প্রায় ৯০ গজ দূর থেকে!
ম্যাচের যোগ করা সময়ে ফ্রি-কিক পায় ১-০ গোলে পিছিয়ে থাকা হ্যানোভার। সমতা ফেরানোর মরিয়া চেষ্টায় হ্যানোভারের গোলরক্ষক রন-রবার্ট জিলারও উঠে আসেন আক্রমণে। কিন্তু সতীর্থের হেড থেকে বল পেয়ে নিজেদের বক্সের সামনে থেকে লম্বা ভলি করেন স্টপেলক্যাম্প। হয়তো বলটা ক্লিয়ার করতেই চেয়েছিলেন। কিন্তু কয়েক ড্রপে বল ঢুকে যায় হ্যানোভারের ফাঁকা পোস্টে। বুন্দেসলিগার ইতিহাসে এটাই সবচেয়ে বেশি দূর থেকে করা গোল।
বুন্দেসলিগার পয়েন্ট তালিকাও স্টপেলক্যাম্পের গোলের মতোই অবিশ্বাস্য! বায়ার্ন মিউনিখ বা বরুসিয়া ডর্টমুন্ড নয়, পরশুর ২-০ গোলের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে স্টপেলক্যাম্পের পাডারবর্ন। ১০৭ বছরের ক্লাব ইতিহাসে যারা এবারই প্রথম উঠেছে জার্মানির শীর্ষ লিগে! দুইয়ে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারানো মেইঞ্জ। তিনে হফেনহেইম, তারাও স্টুটগার্টকে হারিয়েছে ২-০ গোলে। হামবুর্গের সঙ্গে গোলশূন্য ড্র করা চ্যাম্পিয়ন বায়ার্ন চারে! রানার্সআপ ডর্টমুন্ডের অবস্থা আরও খারাপ। পরশুর পরাজয়ে তারা নেমে গেছে আট নম্বরে। চার ম্যাচে পাডারবর্ন, মেইঞ্জ, হফেনহেইম, বায়ার্ন চার দলেরই পয়েন্ট অবশ্য সমান ৮ করে। গোল ব্যবধানে পাডারবর্ন সবার ওপরে, বায়ার্ন সবার নিচে। গতকাল ভলফ্সবুর্গের কাছে ১–৪ গোলে হেরে এক নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে বেয়ার লেভারকুসেন। দলটি পয়েন্ট ৭। এএফপি, দ্য গার্ডিয়ান।