৮৬ বছরেও যা দেখেনি লা লিগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনাল্টি থেকে গোল করা তিনজন-বানেগা, গামেইরো, কোনো-প্লিয়াঙ্কা। ছবি: রয়টার্স
পেনাল্টি থেকে গোল করা তিনজন-বানেগা, গামেইরো, কোনো-প্লিয়াঙ্কা। ছবি: রয়টার্স

উনাই এমেরির অধীনে সোনালি এক সময় পার করছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। তাঁর কোচিংয়েই টানা দুই মৌসুম ইউরোপা লিগ জিতেছে সেভিয়া। এর পেছনে এমেরির অনন্য কোচিং দর্শনের অবদান দেখেন সবাই। গত পরশু তাঁর দল যা করল তা অবশ্য এতটাই ভিন্নধর্মী যে লা লিগা তার পুরো ইতিহাসেই এমনটা দেখেনি। নিজেদের মাঠে তিনটি পেনাল্টি পেয়ে তিনটিতেই গোল, গোলদাতা তিনজন! এর আগে একই ম্যাচে তিনজন খেলোয়াড়ের পেনাল্টি নেওয়ার ঘটনা আগে ঘটেনি। 

গত শনিবার নিজেদের মাঠে গেটাফের বিপক্ষে খেলতে নেমেছিল সেভিয়া। প্রথমার্ধে কেভিন গামেইরোর দুই গোলেই এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল। ম্যাচের ৫০ মিনিটে প্রথম পেনাল্টি পায় সেভিয়া। গামেইরোর সামনে হ্যাটট্রিকের সুযোগ থাকা স্বত্বেও পেনাল্টি নিতে এগিয়ে আসেন এভার বানেগা। এটি অবশ্য ইউরোপের দলগুলোর ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা। ম্যাচের অবস্থা যাই হোক, ফ্রিকিক, পেনাল্টি বা কর্নারে নির্ধারিত খেলোয়াড়ই শট নিয়ে থাকেন। বানেগা গোল করে ৩-০ গোলে এগিয়ে নেন দলকে। খেলা যখন গড়িয়েছে ৬০ মিনিটে, দ্বিতীয় পেনাল্টি পায় সেভিয়া। এবার আর বানেগা নন, সবাইকে অবাক করে এগিয়ে আসেন গামেইরো। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্ট্রাইকার। ৬৫ এবং ৭১ মিনিটে মাঠ থেকে উঠে যান বানেগা ও গামেইরো। এরপরই ঘটে মজার ঘটনা। ৮১ মিনিটে আরেকটি পেনাল্টি পায় সেভিয়া! মাঠে নেই বানেগা-গামেইরোর কেউ। তাই পেনাল্টি নিতে এলেন ইয়েবেন কোনো-প্লিয়াঙ্কা। ঠান্ডা মাথায় বলটি জালে পাঠিয়ে ইতিহাসের অংশ হয়ে গেলেন এই ইউক্রেনিয়ান। লা লিগার ইতিহাসে এর আগে একই দলের তিনজনের পেনাল্টি থেকে গোল করার ঘটনা ঘটেনি!
কোনো স্বাগতিক দলের এক ম্যাচে তিনটি পেনাল্টি পাওয়ার শেষ ঘটনাটিও বেশ পুরোনো। ২২ মৌসুম আগে ন্যু ক্যাম্পে ওসাসুনার বিপক্ষে তিনটি পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। সেবার রোনাল্ড কোম্যান এবং রিস্টো স্টয়চকভ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিলেন পেনাল্টিগুলো। তবে আন্তর্জাতিক ফুটবলে ভিন্ন তিন খেলোয়াড়ের তিনটি পেনাল্টি থেকে গোল দেওয়ার রেকর্ড একেবারেই তরতাজা। কিছুদিন আগেই স্যান মেরিনোর বিপক্ষে সেটি করে দেখিয়েছে সুইজারল্যান্ড। সূত্র: মার্কা