৮৭ গজ দূর থেকে গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৭ গজি শটে গোলের পর স্টপেলক্যাম্প। ছবি: এএফপি
৮৭ গজি শটে গোলের পর স্টপেলক্যাম্প। ছবি: এএফপি

বুন্দেসলিগায় হ্যানোভার ৯৬ ও এসসি পাডেরবর্ন ০৭-এর গতকালকের ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁদের চোখে নিশ্চিত ভেসে থাকবে শেষ মুহূর্তে মরিটশ স্টপেলক্যাম্পের করা দুর্দান্ত সেই গোলটি। পাডেরবর্নের এই মিডফিল্ডার যে গোলটি করেছেন, শীর্ষ পর্যায়ের পেশাদার ফুটবলে এমন গোল শেষ কে কবে দেখেছে—বলা সত্যিই কঠিন।
ম্যাচ তখন ইনজুরি সময়ে চলে গেছে। শেষ বাঁশি বাজল বলে। এমন সময় ফ্রি কিক পেল হ্যানোভার। ১-০ গোলে পিছিয়ে থাকার পর অন্তিম মুহূর্তে ফ্রি কিক পেলে যা হয়। হ্যানোভারের সব খেলোয়াড়, এমনকি গোলরক্ষকও চলে এল প্রতিপক্ষ পাডেরবর্নের ডি-বক্সে। লক্ষ্যভ্রষ্ট শট। খেলোয়াড়দের জটলা থেকে বল চলে এল নিজেদের ডি বক্সের একটু বাইরে দাঁড়িয়ে থাকা স্টপেলক্যাম্পের কাছে। স্টপেলক্যাম্প আগেই খেয়াল করেছিলেন, হ্যানোভারের গোলরক্ষকও ফ্রি কিকের লোভে চলে এসেছে এই প্রান্তে। ফলে ওদিকে গোলপোস্টটা একদম ফাঁকা।
আর তাই কালক্ষেপণ না করেই অমনি দুর্দান্ত এক দূরপাল্লার শট নিলেন স্টপেলক্যাম্প! সে এমনই এক শট, একবারে ৮৭ গজ দূরের লক্ষ্যভেদ! ‘ফাঁকা মাঠে’ যে অসাধারণ গোল হতে পারে সেটিই দেখালেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। ২-০ গোলে জিতে গেল তাঁর দল।
উচ্ছ্বসিত স্টপেলক্যাম্প ম্যাচের পর বললেন, ‘জানতাম না, এত দূর থেকে শট নিতে পারব। ডান পায়ে বলটা এল। ওটাই ছিল আমার জন্য একমাত্র সুযোগ। নিখুঁতভাবে শটটা নিলাম। দলের সাফল্যে ভূমিকা রাখতে পেরে দারুণ লাগছে।’ সূত্র: এএফপি