৯ গোল, রুদ্ধশ্বাস নাটক, নাটকীয় জয়, একটু আবেগও

প্রথমার্ধেই সর্বনাশ করে দিল বার্সেলোনা। সেভিয়ার তো বটেই, ম্যাচেরও। ম্যাচের ফল নিয়ে কারও মনে যদি ন্যূনতম সংশয় থেকেও থাকে, সেটারও সমাপ্তি দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪-১ স্কোরলাইন, এরপর একটা ম্যাচে আর কীইবা থাকে?
থাকে! থাকে অনেক কিছুই। পরতে পরতে রুদ্ধশ্বাস নাটক, রোমাঞ্চ, রোম শিউরে দেওয়া ক্লাইম্যাক্স, নখ কামড়ানো উত্তেজনা। থাকল দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসার লড়াকু আখ্যান। থাকল শেষ মুহূর্তের অ্যান্টি ক্লাইম্যাক্স। এবং সেই উত্তেজনার সঙ্গে মিশে থাকল আবেগের আখ্যানও।
৪-১ স্কোর লাইনটা কেমন করে জানি ভোজবাজির মতো বদলে যেতে লাগল। ৪-২, ৪-৩, ৪-৪! ফুটবল যেন তার সবটুকু রোমাঞ্চ আর নাটকীয়তা নিয়ে হাজির হলো ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুম উদ্বোধন ঘোষণা করতে। উয়েফা সুপার কাপ, এক ম্যাচের একটা লড়াই, ট্রফি হিসেবে খুব গুরুত্বপূর্ণও কিছু নয়।
কিন্তু বার্সার জার্সি গায়ে শেষবারের মতো শেষ মুহূর্তে বদলি হিসেবে খেলতে নেমে ম্যাচের শেষ প্রান্তে করা পেদ্রোর নাটকীয় গোল! এর পর যে দৌড়টা দিলেন মেসি-সুয়ারেজরা, এবং সেই উদযাপনের স্রোতে যেভাবে এসে মিশে গেল বার্সার পুরো ডাগআউট; মনে করতে কষ্টই হলো, গেলবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতেও বার্সা এমন উল্লাসে ফেটে পড়েছে কি না!
শেষ পর্যন্ত ৫-৪ গোলে জিতে ২০১৫ সালের চার নম্বর বড় ট্রফিটাও জিতে নিল বার্সা। কাকতালীয় বলতে পারেন, ২০০৯ সালের উয়েফা সুপার কাপেও ১১৫ মিনিটে গোল করেছিলেন পেদ্রো। সেই গোলেই জিতেছিল বার্সা। কালও ১১৫ মিনিটে পেদ্রোর গোল, সেই গোলটাই জেতাল বার্সাকে!
পার্থক্য হলো, সে বছর বার্সার জেতা শিরোপা-ষষ্ঠকের ছয় প্রতিযোগিতার প্রতিটিতেই গোল করেছিলেন পেদ্রো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি। শিরোপা-ষষ্ঠকের পুনরাবৃত্তির সামনে আবারও দাঁড়াল বার্সা। কিন্তু স্প্যানিশ সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপ—সামনে এই দুই ট্রফি বার্সা জিতুক আর না-ই জিতুক, তাতে আর পেদ্রোর গোল থাকছে না। পেদ্রো গতকালই নিশ্চিত করেছেন ক্লাব ছাড়ার খবর।
শেষের নাটকের এই আবেগটুকুরও দরকার ছিল। তাতে চিত্রনাট্য যে পরিপূর্ণ, সার্থক হয়ে ওঠে। যে চিত্রনাট্যের শুরুটা হয়েছিল আর্জেন্টাইন ধ্রুপদি শিল্প দিয়ে। ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই দুই আর্জেন্টাইনের পায়ে তিন গোল, তিনটাই সরাসরি ফ্রি কিক থেকে!
শুরুতে বানেগা। ম্যাচের ঘড়িতে তখন ৩ মিনিট। বার্সার বক্সের ডি-এর ঠিক বাঁ থেকে ডান পায়ের বাঁকানো শট। বার্সার দেয়ালের ওপর দিয়ে বাঁক নিয়ে বাঁ পোস্ট ঘেঁষে ঢুকে গেল বল। সেই গোলটা আয়নায় দেখলে কেমন দেখাত—যেন সেটাই করে দেখাতে চাইলেন মেসি। এবার সেভিয়ার ডি-এর ঠিক ডানে, বাঁ পায়ের বাঁকানো শট। সেভিয়ার দেয়ালের ওপর দিয়ে বাঁক নিয়ে ডান পোস্ট ঘেঁষে ঢুকে গেল বল।
৭ মিনিটেই গোল আর পাল্টা গোল তিবিলিসের ডায়নামো এরেনার দর্শকদের বলে দিল, কী এক রোমাঞ্চকর লড়াই অপেক্ষা করছে সামনে। বানেগার প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। ‘নতুন ম্যারাডোনা’র তকমা তিনি পান আর না-ই পান। কিন্তু জাতীয় দলে তাঁর অধিনায়ক ভাবলেন, জাদু তো একটু বেশিই দেখাতে হয়। এবার ২৫ গজ দূর থেকে মেসির আরেকটি ফ্রি কিক। বার্সা ২-১-এ এগিয়ে।
প্রথমার্ধেই সেটা ৩-১ করে ফেললেন রাফিনহা। গোল-পাল্টা গোল দিয়ে শুরু হওয়া ম্যাচ একতরফা, একপেশে নিষ্প্রাণ লড়াইয়ের দিকে এগিয়ে গেল দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে সুয়ারেজ ৪-১ করে ফেলায়।
তক্ষুনি যেন বলিউডি সংলাপ আওড়ালেন কেউ, ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।’ ৫৭, ৭২ ও ৮১ মিনিটে তিনটা গোল শোধ দিয়ে দিল সেভিয়া! শুধু তা-ই নয়, মুহুর্মুহু আক্রমণে বার্সাকে রীতিমতো কাঁপিয়ে দিল। যে বার্সেলোনা শহর আরও একটি ট্রফি নিয়ে উৎসব করার প্রস্তুতি নিয়ে রেখেছিল, সেই উৎসবের প্রস্তুতি নিতে শুরু করল স্পেনেরই কয়েক শ কিলোমিটার দূরের আরেকটি শহর।
সেভিয়াকেই যে তখন মনে হচ্ছে ম্যাচের সম্ভাব্য বিজয়ী। দুর্দান্তভাবে ফিরে আসায় জাদুর মতো বদলে গেলে তাদের শরীরী ভাষা-সাফল্যের জন্য ভীষণ ক্ষুধার্ত, বুভুক্ষু। আর বার্সাকে মনে হচ্ছে নতজানু, ক্লান্ত! ভাষ্যকারেরা মনে করিয়ে দিলেন, ২০০৬ সালে এই সেভিয়ার কাছেই কিন্তু সুপার কাপে ৩-০ গোলে হেরে গিয়েছিল বার্সা।
অতিরিক্ত সময়ে খেলা গড়াল। দর্শকদের স্নায়ুর চরম পরীক্ষা নিতে টাইব্রেকারেই হয়তো যাবে ম্যাচ। খেলার বাকি ৫ মিনিট। সে সময় আরেকটি ফ্রি কিক। তবে কি মৌসুমের শুরুতেই মেসির হ্যাটট্রিক, সেটিও এক ফ্রি কিক থেকেই তিন গোল করে!
মেসি শট নিলেন। দেয়ালে লেগে ফিরে এল। সেভিয়ার এক খেলোয়াড়ের হাতে লেগেছে। বার্সা তখন পেনাল্টির দাবিতে চিৎকার করছে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই মেসির। ফিরতি বলে জটলার ভেতর দিয়েই নিলেন জোরালো শট। গোলে ঢুকেই যাচ্ছিল। গোলরক্ষক বেতো ডানে দুর্দান্তভাবে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলেন। কিন্তু শটের জোরের কারণেই বলটা হাত গলে বেরিয়ে এল। আর সুযোগসন্ধানী শিকারি পেদ্রো ভুল করলেন না বলটাকে তার ঠিকানায় পাঠিয়ে দিতে। ৫-৪!
ভাষ্যকারেরাও যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। কতক্ষণ আর গলা ফাটিয়ে ধারাবিবরণী দেওয়া যায়! তীব্র উত্তেজনার পর অবসাদ তো আসবেই। যাক, এবার ম্যাচের সমাপ্তি। কিন্তু কোথায় কী? শেষ কয়েকটা মিনিটে সেভিয়া যেন আরও খ্যাপাটে। ওই অল্প সময়ের মধ্যেই দুটো প্রায় নিশ্চিত গোলের সুযোগ তৈরি করল। কোকের ফাঁকায় পাওয়া হেডটা কেন জালে ঢুকল না, কিংবা ক্রস থেকে রামির আলতো করে পা ছোঁয়ালেই গোল হয়—এমন পরিস্থিতিতেও কেন গোল দুটো হলো না; সেটা রহস্য হয়েই থাকল।
না, রহস্য আসলে নয়। এ যে সাজানো চিত্রনাট্য। আগে থেকেই অদৃশ্যে বসে কারও ঠিক করে রাখা। থ্রিলারে এক চিমটি আবেগ না ঢাললে হয়? পেদ্রোর বদলি হিসেবে নামা, ২০০৯-কে মনে করিয়ে দেওয়া গোল, আর সেই গোলে বার্সার জয়—নাহ, এতটা নিখুঁত ‘ফেয়ারওয়েল’ আর কিছুই হতে পারত না।
সেই আবেগটাই হু হু হাহাকারে রূপ দিলেন পেদ্রো-বার্সার সোনালি যুগের সবচেয়ে বড় ‘আনসাং হিরো’। প্লাতিনির হাত থেকে ট্রফি বুঝে নিচ্ছেন ইনিয়েস্তা, পুরো দল জমাট বেঁধে সেই ট্রফি ছুঁয়ে দেখার জন্য ব্যাকুল। শুধু একজন একটু দূরে, শিরোপা মঞ্চের ব্যালকনিতে ভর দিয়ে। শূন্যে তাকিয়ে।
সেই ছোট্টটি থাকার সময় লা মেসিয়ায় এসেছিলেন। সেই সম্পর্ক এসে গেল শেষ বিন্দুতে। উয়েফা সুপার কাপ জিতে আবেগে ভেসে যাওয়ার কিছু নেই। কিন্তু পেদ্রো কাঁদছেন!