
ম্যাচের পর পাগুলে এক দৌড়ে খেলোয়াড়দের আলিঙ্গন করতে ছুটলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। অ্যাডাম লালানা জার্সি খুলে ফেলেছেন, একটু পর হারিয়ে গেলেন সতীর্থদের উদ্যাপনের ভিড়ে। হুট করে দেখলে মনে হতেই পারে, লিভারপুল কোনো বড় শিরোপা জিতে গেছে। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে জয়, তা-ও আবার ৫-৪ গোলের, এমন উদ্যাপন একটু বাড়াবাড়িও মনে হবে না!
নরউইচের ক্যারো রোডে দুর্দান্ত একটা ‘থ্রিলার’ই হয়ে গেল কাল। ১৮ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। এরপর ২৯, ৪১ ও ৫৪ মিনিটে এমবোকানি, নেইস্মিথ ও হুলাহানের গোলে নরউইচ এগিয়ে যায় ৩-১ গোলে। তখন মনে হচ্ছিল, লিভারপুলকে হয়তো শূন্য হাতেই ফিরতে হবে। কিন্তু রোমাঞ্চ শুরু এরপর। ৫৫ মিনিটে হেন্ডারসনের গোলের পর ৬৩ মিনিটে ফিরমিনো সমতায় আনেন লিভারপুলকে (৩-৩)। ৭৫ মিনিটে মিলনারের গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল, লিভারপুল সহজেই জয় বের করে নিচ্ছে।
কিন্তু শেষ মুহূর্তে আবারও নাটক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ এক শটে ৪-৪ করে ফেলেন নরউইচের ব্যাসং। নাটকের শেষ অঙ্ক তখনো বাকি। ম্যাচের একদম শেষ মুহূর্তে বাঁ পায়ের শটে গোল করেন লালানা। লিভারপুল পেয়ে যায় স্মরণীয় একটা জয়। নরউইচকে দুর্ভাগাই বলতে হবে। প্রিমিয়ার লিগ ৫-৪ গোলের ম্যাচ দেখেছে চারবার, এর মধ্যে দুটি ম্যাচেই ছিল নরউইচ, দুবারই তারা পরাজিত দলে!
লিভারপুল-নরউইচ ম্যাচটাই কাল ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে বেশি রোমাঞ্চ ছড়িয়েছে। ইংলিশ লিগের অন্য ম্যাচে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরে গেছে লুই ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের সর্বনাশ করেছেন চার্লি অস্টিন, বদলি হিসেবে নেমে ৮৭ মিনিটে গোল করে সাউদাম্পটনকে এনে দিয়েছেন দারুণ এক জয়। স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে এই মৌসুমের চমক লেস্টার সিটি।
অন্যদিকে লা লিগায় আরও একবার বার্সার ঘাম ঝরিয়ে ছেড়েছে মালাগা। ন্যু ক্যাম্পে শেষ পর্যন্ত কাল ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। এক ম্যাচ পর দলে ফিরে জয়সূচক গোল করেছেন লিওনেল মেসি।
মালাগার সঙ্গে ৬৪ সেকেন্ডেই এগিয়ে গিয়েছিল বার্সা। ২০১৪ সালের পর লিগে নিজের প্রথম গোল পেয়েছেন মুনির এল হাদ্দাদি। কিন্তু এরপরই মালাগা চেপে ধরে স্বাগতিকদের, ৩২ মিনিটে জুয়ানপির গোলে সমতাও ফেরায়। প্রথমার্ধে বার্সেলোনা কেমন খেলেছে, সেটা কোচ লুইস এনরিকের কথা থেকেই একটু আঁচ করা যায়, ‘প্রথমার্ধে শেষ কবে এত বাজে খেলেছি মনে করতে পারছি না।’ দ্বিতীয়ার্ধে অবশ্য বার্সা আবার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে, ৫১ মিনিটে আদ্রিয়ানোর ক্রস থেকে বাঁ পায়ের দারুণ ভলিতে মেসি এগিয়ে নেন দলকে। এএফপি।